দিল্লি: ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ‘বাংলাদেশ ভবন’-এর সামনে উগ্র আচরণ ও হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকির ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে তিন গাড়িতে করে আসা কয়েকজন ব্যক্তি এই বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
ঘটনার সময়: শনিবার রাত ৮:৩০ থেকে ৮:৪৫ মিনিটের মধ্যে।
প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, বিক্ষোভকারীরা বাংলা ও হিন্দিতে চিৎকার করে বলতে থাকে—”হিন্দুদের নিরাপত্তা দিতে হবে”, “হাইকমিশনারকে ধরো”। তারা হুমকি দিয়ে বলে, “ওখানে (বাংলাদেশে) যদি হিন্দু মারা হয়, তবে তোমাদের সবাইকে মেরে ফেলবো।”
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভকারীরা গেটের সামনে এসে চিৎকার করলেও কোনো শারীরিক হামলা বা ভাঙচুর করেনি।
ঘটনার পর হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জরুরি ভিত্তিতে ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠকে বসেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।