রাশিয়া: সাবেক সোভিয়েত ইউনিয়নের ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার সাক্ষী চেরনোবিল আবারও চরম ঝুঁকির মুখে পড়েছে। ইউক্রেনের আওতাধীন এই অঞ্চলে রাশিয়ার সাম্প্রতিক ড্রোন হামলায় বিদ্যুৎকেন্দ্রটির সুরক্ষা ডোম বা বিশেষ আবরণটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক দশক ধরে আটকে রাখা তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আইএইএ জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে এই হামলার ঘটনা ঘটে।
আইএইএ-এর বিশেষ দলের নিরাপত্তা মূল্যায়নে দেখা গেছে, ডোমটি তার প্রধান নিরাপত্তা সক্ষমতা এবং তেজস্ক্রিয়তা আটকে রাখার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হারিয়েছে। সংস্থার ডিরেক্টর জেনারেল রাফায়েল মারিয়ানো গ্রোসি জানান, ছাদের ওপর সাময়িক মেরামত করা হলেও দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য দ্রুত পূর্ণাঙ্গ সংস্কার প্রয়োজন। বর্তমানে এই সুরক্ষা আবরণের ভেতরে ১৯৮৬ সালের দুর্ঘটনার বিপুল পরিমাণ তেজস্ক্রিয় বর্জ্য রয়ে গেছে।
চলমান যুদ্ধের প্রভাবে ওই অঞ্চলের বিদ্যুৎ উপকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় তেজস্ক্রিয় চুল্লি ঠান্ডা রাখার প্রক্রিয়াও ব্যাহত হওয়ার ঝুঁকিতে রয়েছে। আইএইএ দ্রুত সেখানে আর্দ্রতা নিয়ন্ত্রণ ও উচ্চ প্রযুক্তির মনিটরিং সিস্টেম স্থাপনের তাগিদ দিয়েছে। ইউরোপীয় ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের সহায়তায় ২০২৬ সালে সেখানে মেরামতের পরিকল্পনা করা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এই ডোমটি পুরোপুরি ভেঙে পড়লে তা পুরো ইউরোপের পরিবেশের জন্য মহাবিপর্যয় ডেকে আনতে পারে।