ক্রীড়া প্রতিবেদক : ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র আবারও খবরের শিরোনামে, তবে এবার কোনো গোল বা ড্রিবলিংয়ের জন্য নয়—বরং তাঁর রসবোধের কারণে। সম্প্রতি কিংস লিগ বিশ্বকাপের এক মজার অনুষ্ঠানে সব প্রশ্নের উল্টো উত্তর দিয়ে দর্শকদের আনন্দ দেন তিনি। নিজেকে ‘আর্জেন্টাইন’ দাবি করার পাশাপাশি ২০২৬ বিশ্বকাপের ফেভারিট হিসেবে তিনি বলিভিয়াকে বেছে নেন।
অনুষ্ঠান শেষে সিরিয়াস প্রসঙ্গে ফিরে নেইমার জানান, তাঁর আমন্ত্রণে বন্ধু লিওনেল মেসি ব্রাজিলে আসতে পারেন। কিংস লিগে আর্জেন্টিনার দল যদি সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছায়, তবে গ্যালারিতে মেসির উপস্থিত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, কিংস লিগ ফুটবল টুর্নামেন্টে নেইমারের নিজস্ব দল রয়েছে এবং বর্তমানে তিনি শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠ মাতানোর অপেক্ষায় রয়েছেন।