ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পুটিমারি আউলিয়া মাদ্রাসায় শুক্রবার রাতে গোপনে নাইটগার্ড নিয়োগ পরীক্ষা আয়োজনের ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, অনিয়মের মাধ্যমে পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতেই রাতের আঁধারে এই আয়োজন করা হয়। বিক্ষুব্ধ জনতা এ সময় মাদ্রাসার সুপার ও ডিজির প্রতিনিধি পরিচয়দানকারী এক নারীকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
স্থানীয়দের ভাষ্যমতে, ১২ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৩ জনকে পরীক্ষার কক্ষে পাওয়া যাওয়ায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধদের উদ্ধার করে ইউএনও কার্যালয়ে নিয়ে যায়। মাদরাসা সুপার দেরিতে শুরু হওয়ার অজুহাত দিলেও স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বাসিন্দারা একে ‘গোপন নিয়োগের ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।