ক্রীড়া প্রতিবেদক : ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনের ঘোষণা অ্যাথলেটিক্স কিংবদন্তি উসাইন বোল্টকে নতুন স্বপ্ন দেখাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৮টি অলিম্পিক স্বর্ণজয়ী এই তারকা জানান, ট্র্যাক নয় বরং ক্রিকেটার হিসেবে এবার অলিম্পিকে ফিরতে চান তিনি। শুরুতে ফাস্ট বোলার হওয়ার স্বপ্ন দেখা বোল্ট জানান, জ্যামাইকা দল থেকে ডাক পেলে তিনি আবারও ব্যাট-বল হাতে মাঠে নামতে প্রস্তুত।
২০১৭ সালে অ্যাথলেটিক্স থেকে অবসর নেওয়া বোল্ট গত টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত ছিলেন। ১২ থেকে ২৯ জুলাই ২০২৮ পর্যন্ত অনুষ্ঠেয় লস অ্যাঞ্জেলেস গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। যদিও অ্যাথলেটিক্সের কোচরা তাঁর ক্যারিয়ার বদলে দিয়েছিলেন, কিন্তু ক্রিকেটের প্রতি চিরকালই টান অনুভব করেন ইতিহাসের দ্রুততম এই মানব।