আন্তর্জাতিক প্রতিবেদক : শান্তিতে নোবেল না পাওয়ার প্রতিক্রিয়া হিসেবে ইউরোপীয় মিত্রদের ওপর কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি জানিয়েছেন, একাধিক যুদ্ধ বন্ধের উদ্যোগ নিলেও নোবেল না পাওয়ায় তিনি এখন থেকে কেবল মার্কিন স্বার্থ রক্ষায় কাজ করবেন। এই চিঠিতে তিনি গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যৌক্তিকতা তুলে ধরে ডেনমার্কের মালিকানা নিয়ে প্রশ্ন তোলেন।
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, গ্রিনল্যান্ড ক্রয় বা নিয়ন্ত্রণের অনুমতি না দিলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে নরওয়ে ও ব্রিটেনসহ আটটি দেশ থেকে পণ্য আমদানিতে ১০ শতাংশ শুল্ক গুনতে হবে। মার্কিন প্রেসিডেন্টের এই ‘আগ্রাসী’ মনোভাবে ক্ষুব্ধ ইউরোপীয় ইউনিয়ন পাল্টা পদক্ষেপ হিসেবে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা ভাবছে। ট্রাম্পের দাবি, বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা জরুরি এবং এ বিষয়ে ন্যাটো দেশগুলোর সহায়তা তাঁর প্রাপ্য।