ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নারী নেতৃত্ব বিরোধী বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। গতকাল সোমবার বিকেলে নয়াপল্টনে আয়োজিত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামায়াত আমিরের মন্তব্যে নারী জাতির অবমাননা হয়েছে। ক্ষমতায় গেলে দলটি নারীদের অধিকার কেড়ে নেবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। রিজভী প্রশ্ন তোলেন, অতীতে নারী নেতৃত্বের অধীনে জামায়াত নেতারা মন্ত্রী হলেও এখন কেন তারা নারীদের মনোনয়ন দিতে অনীহা দেখাচ্ছেন।
একই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান জামায়াত আমিরকে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নারী সমাজকে ছোট করে কেউ রাজনীতিতে সফল হতে পারে না। ১২ ফেব্রুয়ারির ভোটে নারীরা এর উপযুক্ত জবাব দেবে বলে তিনি হুঁশিয়ারি দেন।