জাতীয়

প্রতিহিংসার মানসিকতা বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক: রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের পুঞ্জীভূত প্রতিশোধ ও প্রতিহিংসার সংস্কৃতি পরিহার করে দেশের কল্যাণে কাজ করার জন্য সবাইকে মানসিকতা পরিবর্তনের উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

নিজের রাজনৈতিক জীবনের ঝড়-ঝাপটা ও বিগত দিনের নানা তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী অত্যন্ত উদার কণ্ঠে বলেন, “হ্যাঁ, আমার সঙ্গে যা হয়েছে, এখন প্রতিশোধ নিলে সেটা ফেরত পাব না। তাই প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আমরা দেশের জন্য কী করতে পারি, সেই চেষ্টা করতে পারি।

সফল হওয়া পরের ব্যাপার, অন্তত দেশের জন্য কাজ করার মানসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।” তিনি জোর দিয়ে বলেন যে, রাজনৈতিক প্রতিহিংসা কেবল বিভেদ বাড়ায়, দেশের কোনো টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে না; তাই সামগ্রিক চিন্তাধারায় পরিবর্তন আনা এখন সময়ের দাবি।

মতবিনিময় সভায় দেশের গণমাধ্যম ব্যবস্থার স্বাধীনতা ও স্বাতন্ত্র্য নিশ্চিত করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সরকারপ্রধান। তারেক রহমান বলেন, ইতিহাস সাক্ষী যে বিএনপি সরকার বারবার প্রমাণ করেছে গণমাধ্যমের সঙ্গে তাদের কোনো বৈরিতা বা শত্রুতা নেই।

তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সরকারের কাজে কোনো ভুলত্রুটি হলে তা আড়াল না করে গণমাধ্যমকে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের ভুল হতেই পারে, তবে তা নিয়ে গণমাধ্যমে সুস্থ ও গঠনমূলক আলোচনা হোক।

১৬ জুন তারিখটিকে দেশের সংবাদপত্রজগতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বেদনাবিধুর দিন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের এই কালো দিনে তৎকালীন বাকশাল সরকার মাত্র চারটি সরকারি প্রচারপত্র রেখে দেশের সব পত্রিকার প্রকাশনা ও ডিক্লারেশন বাতিল করে দিয়েছিল।

সংবাদপত্রের সেই শ্বাসরুদ্ধকর কালো অধ্যায়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, ওই সময় সংবাদপত্রের যে গলা চেপে ধরা হয়েছিল, সেটি অন্তত এই মুহূর্তে বর্তমান বাংলাদেশে নেই।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তব্যে বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, বাকশাল গঠনের মাধ্যমে দেশের সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করা হলেও পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে বহুদলীয় গণতন্ত্রের পুনর্জন্ম দেন এবং সংবাদপত্রের ওপর থেকে সব ধরনের অনায্য নিষেধাজ্ঞা তুলে নেন।

দেশের সার্বিক উন্নয়নে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, শুধু সরকার একাকী দেশের সব সংকট সমাধান করতে পারবে না, এ ক্ষেত্রে সাংবাদিকদের সরাসরি সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, আপনারা সহযোগিতা না করলে সরকার বুঝতে পারবে না যে কাজটা ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। তাই ভালো কাজের পথ দেখানোর দায়িত্ব সংবাদমাধ্যমের।

প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সুচারু সঞ্চালনায় এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, এবং উপ–প্রেস সচিব হাসান শিপলু, সুজাউদ্দৌলা সুজন ও শাহাদাত হোসেন স্বাধীনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Related News

তিন বছরের মধ্যে মহাকাশে যাবে বাংলাদেশের তৈরি স্যাটেলাইট: প্রধানমন্ত্রী

লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে আগামী তিন বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

লালমনিরহাট সদর উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ: রিজভী

ভারতে অবস্থান নিয়ে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ ভবনে চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অসুস্থতার কারণে এমপি পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক; আসনটি শূন্য ঘোষণা করেছেন স্পিকার।

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে যোগ্য নাগরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রুহুল কবির রিজভী

গুম-খুন ও রক্তাক্ত রাজনীতির পথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের সভায় নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

Search