নিউইয়র্কের মঞ্চে ফিরছেন অভিনেত্রী বন্যা মির্জা, থাকছেন ‘নেমেসিস’ নাটকে
প্রবাসজীবনের ব্যস্ততা পেরিয়ে নিউইয়র্কের জ্যামাইকা মঞ্চে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। মাসুম রেজার ‘নেমেসিস’ নাটকে দেখা যাবে তাঁকে।
বিনোদন: ছোট পর্দার পরিচিত মুখ থেকে চলচ্চিত্রের নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী আশনা হাবীব ভাবনা। এবার তিনি জানালেন, শুধু আর্টিস্টিক ঘরানার সিনেমায় সীমাবদ্ধ থাকতে চান না; পুরোদমে বাণিজ্যিক সিনেমাতেও অভিনয় করতে চান।
ভাবনার ভাষায়, ‘আমি সবার নায়িকা হয়ে উঠতে চাই। শুধু আর্টিস্টিক ঘরানার সিনেমাতেই অভিনয় করতে চাই না। পুরোদমে কমার্শিয়াল সিনেমাতেও অভিনয় করছি।’
ছোট পর্দায় নিয়মিত অভিনয় করলেও প্রায় ছয় বছর আগে নাটকে অভিনয় না করার সিদ্ধান্ত নেন ভাবনা। এরপর থেকে সেই সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি। বর্তমানে চলচ্চিত্রেই নিজের ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন ভাবনা। সিনেমাটির গানের শুটিং শেষ করে কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছেন তিনি। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের নিষেধ থাকায় নতুন সিনেমাটি সম্পর্কে বিস্তারিত জানাতে রাজি হননি অভিনেত্রী।
নতুন সিনেমার কাজ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘মাত্র আমাদের গানের শুটিং শেষ হয়েছে। পুরো শুটিং বাকি। শিগগির শুরু হবে। এবার নাচ-গানে ভরপুর ভাবনাকে দেখবেন দর্শক।’
চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করতে দীর্ঘ সময় ধরে সংগ্রাম করছেন বলে জানান ভাবনা। ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘সাত বছর ধরে আমি স্ট্রাগল করেছি। আমার জীবনের শেষ দিন পর্যন্ত এ সংগ্রাম করে যাব। কারণ, আমি চাই সবাই আমাকে নায়িকা হিসেবে চিনবে।’
অভিনেত্রীর মতে, চলচ্চিত্রে নিয়মিত হওয়ার চেষ্টা করতে গিয়ে তাঁকে আর্থিকভাবেও কিছুটা ক্ষতির মুখে পড়তে হয়েছে। নাটকের সঙ্গে চলচ্চিত্রের কাজের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, নাটকে প্রতিদিন শুটিং শেষ করে পারিশ্রমিক পাওয়া যায়। কিন্তু চলচ্চিত্রে নিয়মিত কাজের সুযোগ না থাকায় আগের মতো প্রতিদিন আয় করা সম্ভব হচ্ছে না।
তবে আর্থিক অনিশ্চয়তার মধ্যেও নিজের পছন্দের জায়গায় থাকতে পারাটাকেই গুরুত্ব দিচ্ছেন ভাবনা। সিনেমার পাশাপাশি ছবি আঁকা ও লেখালেখির সঙ্গেও যুক্ত থাকতে চান তিনি।
শৈশব থেকেই সিনেমায় অভিনয়ের প্রতি আলাদা আগ্রহ ছিল ভাবনার। নাটকে অভিনয় শুরু করার পর প্রধান চরিত্রে কাজ করলেও তাঁর লক্ষ্য ছিল বড় পর্দায় অভিনয় করা।
ভাবনা বলেন, ‘যখন নাটক শুরু করি, প্রধান চরিত্রে অভিনয় করি, তখনো চাইতাম সিনেমা করব। সিনেমার প্রতি সব সময় আলাদা ঝোঁক ছিল। অনেকের কারণে সিদ্ধান্ত নিতে পারিনি। বড় হওয়ার পরে মনে হলো, নিজের যা ভালো লাগে, সেটাই করব।’
এখন চলচ্চিত্রকে ঘিরেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছেন ভাবনা। দেশ-বিদেশে ঘুরে সিনেমার কাজ করতে চান তিনি। অভিনয়ের পাশাপাশি ছবি আঁকা ও লেখালেখিকেও নিজের সৃজনশীল জীবনের অংশ হিসেবে ধরে রাখতে চান এই অভিনেত্রী।