আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা করেছেন রাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, নির্বাচন ঘিরে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে থাকবে। পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা সমন্বয় করা হতে পারে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের সময় নিরাপত্তা বাহিনীর বিশাল সংখ্যক সদস্য মোতায়েন করা হবে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- সেনাবাহিনী – ১,০০,০০০ জন, বর্তমানে মাঠে আছেন ৩০ হাজার সদস্য।
- বিজিবি – ৩৫,০০০ জন
- নৌবাহিনী – ৫,০০০ জন।
- কোস্টগার্ড – ৪,০০০ জন।
- র্যাব – ৮,০০০ জন।
- আনসার বাহিনী – ৫,৫০,০০০ জন নির্বাচন ব্যবস্থাপনায় বড় ভূমিকা রাখবে। অস্ত্র ও বডি ক্যামেরা সরবরাহ করা হবে।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই উল্লেখ করে বলেন, “নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে হবে, এ নিয়ে সন্দেহের কিছু নেই।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা সদ্য সমাপ্ত সরকার পতনের বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “আমাদের দেশে যে সরকার পতন হয়েছে তা কোনো তিনজনের কারণে হয়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই সরকার পতন ঘটেছে।”
তিনি আরও বলেন, “আপনারা দেখেছেন, কীভাবে তারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের আত্মীয়স্বজনরা পালিয়েছে। এটি একজন বা দুজনের কারণে হয়নি, হয়েছে জনগণের ইচ্ছার কারণে।”
মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করেন।