ঢাকা: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে ১২ জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হলেও এবার প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের ১০০ জন শিক্ষককে জাতীয়ভাবে সম্মানিত করা হবে।
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।
ড. মাহদী আমিন বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে মাত্র ১২ জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হতো। এবার প্রথমবারের মতো এর পরিধি বাড়িয়ে ১০০ জনে উন্নীত করা হচ্ছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব স্তরের শিক্ষককে এ সম্মাননার আওতায় আনা হবে।
তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষকেরাও বিবেচিত হবেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিষয়ের শিক্ষকদের পাশাপাশি চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞানসহ বিভিন্ন বিশেষায়িত শাখার শিক্ষকদেরও সম্মাননার জন্য নির্বাচন করা হবে।
শিক্ষা উপদেষ্টা জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া শিক্ষকদের তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে। জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এসব তালিকা পর্যালোচনা করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।
ভবিষ্যৎ প্রজন্ম গঠনে নিবেদিত শিক্ষকদের সামাজিক মর্যাদা ও স্বীকৃতি আরও সুদৃঢ় করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আগামী ৫ অক্টোবরের কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেবেন বলে আশা প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা।
বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।