যাচাই-বাছাই ছাড়া তেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ‘শস্য-শ্যামলা বাংলাদেশ’ গড়তে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। একই সঙ্গে সরকারের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের কর্মব্যস্ততার কথা তুলে ধরে রুমন বলেন, নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। সফরসংশ্লিষ্টদেরও দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়েছে বলে জানান তিনি।
রুমন বলেন, জাতিসংঘে বাংলাদেশের সফলতা নিয়ে দেশে ফিরে গণমাধ্যমে সংবাদ ও টকশোতে আলোচনা হবে—এমনটাই প্রত্যাশা ছিল। তবে প্রধানমন্ত্রীর দেশে ফেরার সময়কে কেন্দ্র করে ‘ভিন্ন ঘটনা’ ঘটিয়ে সফরের সাফল্য আড়াল করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘দেশে আসার পর জাতিসংঘে বাংলাদেশের সফলতা নিয়ে গণমাধ্যমে সংবাদ হবে, টকশোতে আলোচনা হবে, এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু তখনই এমন সব ঘটনা ঘটানো হয়েছে। ফলে সব গণমাধ্যম সেই ঘটনাগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালের চেষ্টা হয়েছে।’
বিরোধী রাজনৈতিক গোষ্ঠীর কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘পলাতক ফ্যাসিস্ট সরকারের দেশ চালানোর যে সূত্র ছিল, আমাদের বিরোধী গোষ্ঠীও সেই মন্ত্রেই চলছে।’
সরকারের কার্যক্রমে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন রুমন। বিষয়টি বোঝাতে তিনি নদী পার হওয়ার উদাহরণ দিয়ে বলেন, ‘আপনি যদি একটা মানুষকে বলেন নদী পার হও, আর তার হাত-পা বেঁধে দেন, উনি কি নদী পার হতে পারবেন? সম্ভব না।’
জাতিসংঘের এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন পর এবার বাংলাদেশের নির্বাচিত সরকার জাতিসংঘে দেশের প্রতিনিধিত্ব করেছে।
রুমনের ভাষ্য অনুযায়ী, জাতিসংঘ সফরে রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাব ও আলোচনা, জলবায়ুতে ন্যায়বিচার ও অর্থায়নের দাবি এবং বাংলাদেশের পুনর্গঠনে ‘থ্রি আর’ (3R) প্রস্তাবসহ ভবিষ্যৎ উন্নয়ন বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, এসব বিষয় কতগুলো গণমাধ্যমে বিস্তারিতভাবে স্থান পেয়েছে। তার অভিযোগ, এসব অর্জনকে ম্লান করতে একটি গোষ্ঠী সংঘবদ্ধভাবে পরিকল্পিত কিছু অপকর্ম ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে।
দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে রুমন বলেন, একটি ভঙ্গুর অবস্থার মধ্যে প্রধানমন্ত্রী দেশের দায়িত্ব নিয়েছেন। এ অবস্থায় সরকারকে সহযোগিতা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
সবশেষে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান। আপনারা সরকারকে সহযোগিতা করুন।’