বাগেরহাট জেলা প্রতিনিধিঃ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) দুপুর ১২টায় বাগেরহাট সদর উপজেলা তাঁতীদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক শেখ লিটনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনি নকীবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদ সমি বাদশা।
দোয়া মাহফিলের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ও যুগান্তকারী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, জাতীয়তাবাদের যে দর্শন শহীদ জিয়া এ দেশের মানুষকে দিয়ে গেছেন, তা আজও আমাদের প্রতিটি সংকটে পথ দেখায়।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ওলামা দলের সভাপতি জাহিদুর রহমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আবুল হাসান, জেলা তাঁতীদলের সাবেক সভাপতি ফারুক শেখ এবং যুগ্ম-আহ্বায়ক এনামুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের গণতন্ত্রের সমৃদ্ধি কামনা করা হয়।