বিশ্ব

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণের নির্দেশ আইসিজের

ছবি: সংগৃহীত

মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে বলে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঐতিহাসিক রায়ে জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে আদালত শরণার্থীদের নিরাপদে দেশে ফেরার সুযোগ দেওয়ার এবং ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে। নেদারল্যান্ডসের দ্য হেগ থেকে এএফপি জানায়, জাতিসংঘের সর্বোচ্চ আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম বিচারকেরা কোনো রাষ্ট্র গণহত্যা সংঘটিত করেছে বলে নির্ধারণ করলেন। মিয়ানমারের ২০১৭ সালের নৃশংস দমন অভিযান থেকে বেঁচে যাওয়া রোহিঙ্গাদের জন্য এ রায় ন্যায়বিচারের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

দ্য হেগে আদালতের গ্রেট হল অব জাস্টিসে রায় ঘোষণা করে আইসিজে প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘মিয়ানমার ইউনিয়ন প্রজাতন্ত্র উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটিত করেছে।’ প্রায় তিন ঘণ্টা ধরে ইওয়াসাওয়া ওই অভিযানে মিয়ানমারের প্রধানত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত নৃশংসতার বিস্তৃত প্রমাণ তুলে ধরেন, যার ফলে কয়েক লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন। তিনি বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, নারীদের ওপর ‘ব্যাপক যৌন সহিংসতা’ চালিয়েছে এবং শিশুদের ওপর ‘চরম সহিংসতা’ সংঘটিত করেছে। আইসিজে জানায়, রোহিঙ্গাদের গ্রামগুলো ‘পরিকল্পিতভাবে ধ্বংস’ করা হয়েছে এবং সেখানে রোহিঙ্গাবহির্ভূত জনগোষ্ঠীকে বসতি স্থাপন করানো হয়েছে। আদালতের মতে, এসব কর্মকাণ্ডের ‘একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত’ হলো, মিয়ানমার ওই জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য নিয়ে কাজ করেছে—যা গণহত্যা নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।

আদালত মিয়ানমারকে সহিংসতা থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ‘নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে তাদের বসতিস্থলে ফিরে যাওয়ার সুযোগ দিতে এবং প্রত্যাবাসন সহজ করতে’ নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিচারকেরা মিয়ানমারকে গণহত্যার অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিদের তদন্ত ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন। আইসিজের রায় বাধ্যতামূলক ও এর বিরুদ্ধে আপিলের সুযোগ না থাকলেও রায় বাস্তবায়নের কোনো সরাসরি ব্যবস্থা আদালতের হাতে নেই; ফলে মিয়ানমারের শাসকেরা এসব নির্দেশ মেনে চলবে কি না, তা এখনো অনিশ্চিত। তবে এ রায় মিয়ানমারের নেতা মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে দমন অভিযানের সময় তিনি সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন এবং ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন। এ বছর কঠোরভাবে সীমিত নির্বাচনের পর তাঁকে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক বৈধতা অর্জনে তাঁর কূটনৈতিক প্রচেষ্টাকে আইসিজের এ রায় জটিল করে তুলতে পারে। এ ছাড়া ইসরায়েল গাজায় গণহত্যা সংঘটিত করেছে কি না, সে বিষয়ে আদালতের আরেকটি বহুল আলোচিত মামলার রায়ের ইঙ্গিত পেতে আইন বিশেষজ্ঞরাও এ রায়ের দিকে নিবিড়ভাবে নজর রাখছিলেন।

বাংলাদেশে সীমান্তের ওপারে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে বসবাসরত ১০ লাখের বেশি রোহিঙ্গার কাছে এ রায় জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে আশার আলো হয়ে এসেছে। রায় ঘোষণার আগে পরিবারের সঙ্গে একটি ছোট আশ্রয়কেন্দ্রে বসবাসরত ২৩ বছর বয়সী যৌন সহিংসতার শিকার এক রোহিঙ্গা নারী পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমি ন্যায়বিচার চাই। যারা নারীদের ধর্ষণ করেছে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। আইসিজের এ বিষয়ে আলাদাভাবে কিছু বলা উচিত।’ সহিংসতা থেকে বেঁচে আসা রোহিঙ্গারা দলবদ্ধ ধর্ষণ, গণহত্যা এবং পরিবার ও শিশুদের ওপর নির্মম নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। রায় ঘোষণার আগে সহিংসতা থেকে বেঁচে আসা ২০ বছর বয়সী মোহাম্মদ ওসমান এএফপিকে বলেন, তিনি আশা করছেন, এ রায়ের মাধ্যমে দেশে ফিরে নিহত বাবা-মা ও ছোট ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন করতে পারবেন। তিনি বলেন, ‘তারা আমার বাবাকে গুলি করে হত্যা করেছে, আমার মাকে কয়েকজন নারীসহ একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এবং আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।’

শরণার্থী শিবিরের দুর্দশাপূর্ণ পরিবেশ থেকে দূরে আইসিজের ১৫ বিচারকের একটি প্যানেল সাত বছর ধরে বিবেচনা করেছে, মিয়ানমারের কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পড়ে কি না। ১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা কনভেনশনের আওতায় গাম্বিয়া এ মামলা দায়ের করে; দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত ওই আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী, কোনো রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের সন্দেহে মামলা করতে পারে। মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, ধারাবাহিক হামলায় নিরাপত্তা বাহিনীর এক ডজন সদস্য নিহত হওয়ার পর তারা বিদ্রোহীদের সামরিক উত্থান মোকাবিলা করছিল। জানুয়ারিতে মামলার শুনানিতে মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইং বিচারকদের বলেন, ‘মিয়ানমারের নিষ্ক্রিয় থাকা এবং সন্ত্রাসীদের অবাধে চলতে দেওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না।’ অন্যদিকে গাম্বিয়ার বিচারমন্ত্রী দাওদা জালো বলেন, বহু বছর ধরে অমানবিকীকরণ ও নিপীড়নের শিকার একটি অসহায় জনগোষ্ঠীর ওপর কল্পনাতীত নৃশংস ও ভয়াবহ সহিংসতার বিশ্বাসযোগ্য প্রতিবেদন পর্যালোচনা করেই তাঁর দেশ মামলাটি দায়ের করেছে এবং এতে ৫৭ সদস্যের ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ‘পূর্ণ সমর্থন ও সহযোগিতা’ রয়েছে। তিনি বলেন, ‘এটি আন্তর্জাতিক আইনের জটিল কোনো বিষয় নয়; এটি বাস্তব মানুষ, বাস্তব গল্প এবং বাস্তব একটি মানবগোষ্ঠীর বিষয়।’

Related News

ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় বহরে কমেছে রাফাল যুদ্ধবিমান, বাড়ছে জল্পনা

ফ্লাইটগ্লোবালের সর্বশেষ ডিরেক্টরিতে ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় রাফাল যুদ্ধবিমান ৩৫ থেকে কমে ৩২টি দেখানো হয়েছে। মোট ৩৬টি রাফালের মধ্যে বাকি চারটির অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আন্তর্জাতিক আদালতের রায়: রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার, বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয়

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে আইসিজের দোষী সাব্যস্ত করার ঐতিহাসিক রায়, কক্সবাজারের রোহিঙ্গাদের প্রতিক্রিয়া ও বাংলাদেশের কূটনৈতিক করণীয় নিয়ে লিখেছেন আতাউর রহমান মিন্টু।

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে যুদ্ধ ড্রোন ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় জাতিসংঘের পরিদর্শন করতে দেবে না ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান ও শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএর পরিদর্শকদের প্রবেশ করতে দেবে না বলে জানিয়েছে ইরান।

ইরানি হামলা আবার শুরু হওয়ায় বিকট বিস্ফোরণে কাঁপল বাহরাইন

তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো রোববার ইরানি ড্রোন হামলার শিকার হয়ে বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছে বাহরাইন। দেশটিতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

ম্যানিলায় শুরু হলো আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় রোববার শুরু হয়েছে আসিয়ান সম্মেলন। বাণিজ্য, নিরাপত্তা ও ট্রাম্পের সফরকে কেন্দ্র করে বিশ্ববাসীর নজর এখন এই আঞ্চলিক সম্মেলনের দিকে।

দক্ষিণ সুদানে প্রথম নির্বাচন আবারও পেছাল, নতুন তারিখ ১১ ফেব্রুয়ারি

জাতিগত ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারও পিছিয়ে আগামী ১১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, সি ও পুতিন; আলোচনায় থাকছে যেসব বিষয়

চীনের শেনজেনে এপেক সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প, সি চিন পিং ও ভ্লাদিমির পুতিন। আলোচনায় থাকবে পারমাণবিক অস্ত্র ও ইরান প্রসঙ্গ।

Search