শিক্ষা

শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর কাজ চলছে, ঢাকা কলেজে নতুন অবকাঠামোর আশ্বাস শিক্ষামন্ত্রীর

ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে ব্যাপকভাবে ঢেলে সাজানোর চেষ্টা করছে এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ঢাকা কলেজের পক্ষ থেকে কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি তুলে ধরে শিক্ষামন্ত্রী ড. মিলন বলেন, ‘আমরা শিক্ষাকে ব্যাপকভাবে ঢেলে সাজানোর চেষ্টা করছি। আমাদের সময়ে ঢাকা কলেজে শিক্ষক নিয়োগ ও বদলিতে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি। ভর্তি প্রক্রিয়াও সম্পূর্ণ স্বচ্ছ রাখা হয়েছে। শুধু ঢাকা কলেজ নয়, রাজধানীর অন্যান্য সরকারি কলেজের শিক্ষার মানোন্নয়নেও আলাদা পরিকল্পনা নেওয়া হচ্ছে।’ শিক্ষা খাতে বাজেট বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সে কারণে এবারের বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে, যা অতীতে কখনো দেওয়া হয়নি। আগের বছরগুলোতে মাত্র ১ দশমিক ৩৯ শতাংশ বরাদ্দ ছিল এবং সেখানেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যয় যুক্ত করে শুভংকরের ফাঁকি দেওয়া হয়েছিল।

ঢাকা কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনের উদ্যোগ তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে ১০ তলাবিশিষ্ট নতুন ছাত্রাবাস, একটি মাল্টিপারপাস হল ও একাডেমিক ভবন নির্মাণ, তথ্যপ্রযুক্তি, ইংরেজি ও সমাজবিজ্ঞান বিভাগে পদায়নের মাধ্যমে শিক্ষক সংকট নিরসন, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার, বিশুদ্ধ পানি ও বিদ্যুতের সুব্যবস্থা এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার দাবিগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। ইতিমধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক হিসেবে রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়ে ড. মিলন বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি, আপনি এই কলেজে পড়ালেখা করেছেন এবং এখানে শিক্ষকতাও করেছেন। আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে যেভাবে এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলতে চান, সেভাবে আমাদের নির্দেশনা দেবেন। আমরা সেই অনুযায়ী কাজ করব।’

বর্তমানে বাজেটের কোনো অভাব নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এখন কেবল আমাদের সদিচ্ছা ও আন্তরিকতার সঙ্গে কাজ বাস্তবায়ন করতে হবে। নেওয়ার পালা শেষ, এবার দেশকে দেওয়ার পালা।’ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রত্যাশা নিয়ে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ করছেন, সেখানে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ঢাকা কলেজের শিক্ষার্থীরাই ক্যাম্পাসে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবে। ভালো ফলাফল করে তারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে—এটাই আমাদের প্রত্যাশা।’

ঢাকা কলেজ এবং ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরাফত আলী সপু এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাজহারুল হক সোহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সাংবাদিক শফিক রেহমান, রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আহমেদ কামাল, সংসদ সদস্য ফজলুল হক মিলন ও কামরুজ্জামান রতন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। এ ছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিকবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন।

Related News

সার্টিফিকেট নয়, দক্ষতাই হবে ভবিষ্যৎ : প্রধানমন্ত্রীর শিক্ষা-ভাবনায় নতুন বাংলাদেশ

নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা, বহুভাষিক দক্ষতা ও পরিবেশ সচেতনতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা-ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে কলাম লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

প্রশ্নফাঁস রোধে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে সরাসরি উপজেলা পর্যায়ে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষা: আবেদনে শীর্ষে ঢাকা, ত্রুটিপূর্ণ মূল্যায়ন ধরা পড়লেই শাস্তি

এইচএসসি পরীক্ষায় উত্তরপত্র পুনর্নিরীক্ষায় শীর্ষে ঢাকা বোর্ড। ভুল বা ত্রুটিপূর্ণ মূল্যায়ন ধরা পড়লে পরীক্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি আন্তঃশিক্ষা বোর্ডের।

আগামী ১৮ ডিসেম্বর মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা

২০২৬-২৭ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সফটওয়্যার ব্যবহারে কর্মকর্তাদের প্রশিক্ষণ ১০ নভেম্বর

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর সফটওয়্যার ব্যবহারের ওপর বিভিন্ন জেলার শিক্ষা কর্মকর্তাদের নিয়ে আগামী ১০ নভেম্বর বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

কারিগরি বোর্ডের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু আগামীকাল

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু ৫ নভেম্বর।

এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে মোট ৪০,০৮৪ জন পরীক্ষার্থী।

এক মাসের মধ্যে এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। সচিবালয়ে ফল প্রকাশকালে জানান শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।

Search