নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে বগুড়ায় নবগঠিত দুই ইউনিয়নের বিতর্কিত নামকরণ পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রী তাঁকে মৌখিকভাবে এই নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দিয়েছেন। তবে দাপ্তরিকভাবে কোনো লিখিত চিঠি এখনো জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি।
জেলা প্রশাসক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ওই নামগুলো পরিবর্তন করার জন্য বলেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা সংশ্লিষ্ট দপ্তর থেকে দ্রুতই দাপ্তরিক চিঠি আসতে পারে।” লিখিত আদেশ না এলেও প্রধানমন্ত্রীর মৌখিক নির্দেশনা পাওয়ার পরপরই জেলা প্রশাসন কাজ শুরু করবে বলে জানান তিনি।
প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে জেলা প্রশাসক আরও জানান, বিতর্কিত ইউনিয়নগুলোতে নতুন করে গণশুনানি করা হবে। তিনি বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবারও গণশুনানির আয়োজন করবেন। নাম পরিবর্তনের প্রয়োজনীয়তা থাকা ইউনিয়নগুলোতে নতুন তারিখ ঘোষণা করা হবে, যেখানে স্থানীয়রা উপস্থিত থাকবেন। গণশুনানির মাধ্যমে যে নামগুলো উঠে আসবে, মূলত সেগুলোই চূড়ান্ত করা হবে।”
এর আগে গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে চারটি নতুন ইউনিয়ন গঠনের কথা জানানো হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ী’ এবং মোকামতলা উপজেলায় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামের তিনটি ইউনিয়ন গঠন করা হয়। তবে মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত—এই তিনটি নাম নিয়েই তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ী’। এছাড়া তাঁর বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে হুবহু মিল রেখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নামকরণ করা হয়েছে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে, যা একপর্যায়ে জাতীয় সংসদ পর্যন্ত গড়ায়। সংসদে এই নামকরণের পক্ষে সাফাই গেয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, স্থানীয় মানুষের মতামত ও গণশুনানির মাধ্যমেই জেলা ও উপজেলা প্রশাসন এই নামগুলো নির্ধারণ করেছে। ভৌগোলিক অবস্থানের কারণে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম রাখা হয়েছে উল্লেখ করে নিজের ছেলেদের নামের সঙ্গে মিল যাওয়াকে তিনি ‘কাকতালীয়’ বলে দাবি করেন।
তবে প্রতিমন্ত্রীর এমন ব্যাখ্যার পরও বিতর্ক থামেনি। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নামগুলো পরিবর্তনের চূড়ান্ত নির্দেশ দিলেন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে যে, বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে। নতুন নাম চূড়ান্ত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে তা গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।