প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) দেশে আরও তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে। নতুন এই উপজেলা তিনটি হলো—চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘পাগলা’। এছাড়া চট্টগ্রামেই ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার ১২১তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এই বৈঠকেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলোকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই প্রশাসনিক এলাকার সীমানা নির্ধারণের ক্ষেত্রে বলা হয়েছে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়নকে পৃথক করে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা এবং কুমিল্লা জেলার বর্তমান মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গরা’ উপজেলা করা হয়েছে। অন্যদিকে, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে পূর্ণাঙ্গ ‘পাগলা’ উপজেলা। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে ভেঙে নতুন ‘হালদা থানা’ তৈরি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিপরিষদের পদস্থ সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।