খেলাধুলা: ব্যালন ডি’অর জেতার দৌড় ও ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। এই মন্তব্যের জেরে বর্তমান ব্যালন ডি’অর জয়ী উসমান ডেম্বেলে ও তাঁর ঘনিষ্ঠ সতীর্থরা ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গোলডট কম ও লে’কিপ-এর প্রতিবেদন অনুযায়ী, এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ফ্রান্স জাতীয় দলের ড্রেসিংরুমে এখন স্পষ্ট বিভেদের ছাপ পড়েছে।
সম্প্রতি কিলিয়ান এমবাপ্পে এক বক্তব্যে দাবি করেছিলেন যে, তাঁকে সবসময় দলের ‘নির্বাচিত একজন’ হিসেবে বিবেচনা করা হতো এবং ইনজুরির কারণেই তাঁর সতীর্থের (ডেম্বেলে) ক্যারিয়ারের গতিপথ ভিন্ন ছিল। এমবাপ্পের এমন অহংকারসুলভ ও অবমূল্যায়নমূলক মন্তব্যে ডেম্বেলে আর চুপ থাকেননি। ব্রেস্তের বিপক্ষে পিএসজির জয়ের পর তিনিও কড়া ভাষায় পাল্টা জবাব দিয়ে বলেন, “আমি কখনও ‘নির্বাচিত একজন’ ছিলাম না। আমি কঠোর পরিশ্রম করেছিলাম এবং প্যারিসের সঙ্গে চমৎকার বছর পার করার পুরস্কার পেয়েছিলাম।”
ফরাসি সংবাদমাধ্যম ‘লে’কিপ’ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে অধিনায়ক এমবাপ্পের এমন বিভিন্ন বক্তব্যে ডেম্বেলে বিরক্ত হলেও এতদিন জনসমক্ষে নীরব ছিলেন। তবে এবারের মন্তব্যকে তিনি সরাসরি অপমান এবং নিজের পরিশ্রমের প্রতি চরম অবজ্ঞা হিসেবে নিয়েছেন।
প্রখ্যাত ফরাসি বিশ্লেষক ও সাবেক ফুটবলার জেরাম রোথেন আরএমসি স্পোর্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, “ডেম্বেলে এটাকে খুব খারাপভাবে নিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। কিলিয়ানের ওপর তিনি ভীষণ ক্ষুব্ধ। এটি তাঁর কাছে একধরনের বিশ্বাসঘাতকতা বলে মনে হয়েছে।” রোথেনের মতে, এমবাপ্পের কঠোর ও আত্মকেন্দ্রীক কথার কারণে ফরাসি ক্যাম্পের পরিবেশ এখন বেশ বিষাক্ত হয়ে উঠেছে।
শুধু উসমান ডেম্বেলেই নন, জাতীয় দলের আরও বেশ কয়েকজন সতীর্থও তাদের অধিনায়কের এমন আচরণে ধৈর্য হারিয়েছেন। একসময় ফরাসি দলের মধ্যে যে দৃঢ় একতা ও সৌহার্দ্য দেখা যেত, ব্যক্তিগত পুরস্কার ও শ্রেষ্ঠত্ব নিয়ে চলা এই অহংকার ও প্রচারণার জেরে তাতে বড় ধরনের ফাটল ধরেছে। এমবাপ্পের এই মন্তব্যে সতীর্থদের অনেকেই এখন বিচ্ছিন্ন ও বিভ্রান্ত বোধ করছেন।