প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন
বুধবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাকা: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শুরু হয়েছে। আজ নির্ধারিত এই শুনানির জন্য কারাবন্দী আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এই তথ্য জানা গেছে। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্যানেলের অপর দুই সদস্য হলেন—বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে মতিঝিলসহ ঢাকাসহ বিভিন্ন স্থানে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় হেভিওয়েট রাজনৈতিক নেতা, সাবেক মন্ত্রী, শীর্ষ পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, দীপু মনি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
এছাড়া অভিযুক্তদের তালিকায় আরও রয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, বেনজীর আহমেদ, মনিরুল ইসলাম, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ প্রভাবশালী পুলিশ ও সামরিক কর্মকর্তারা। এর বাইরে গণমাধ্যম ব্যক্তিত্ব শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকেও এই মামলায় আসামি করা হয়েছে।
প্রসিকিউশনের দেওয়া তথ্যমতে, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোট ৫৮ জন নিহত হওয়ার সুনির্দিষ্ট তথ্য রয়েছে। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় ১ জনের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। আজকের শুনানির মধ্য দিয়ে এই আলোচিত মামলার বিচারিক কার্যক্রমে নতুন মোড় এল।