পদ্মা সেতুর কাছে ৬ কোটি ৪০ লাখ ঘনফুট বালু তুলতে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের তোড়জোড়
পদ্মা সেতুর ভাটিতে ১২৮ একর এলাকা থেকে ৬ কোটি ৪০ লাখ ঘনফুটের বেশি বালু তুলতে ‘আইকনিক সোর্সিং’-এর আবেদন। ঠিকানায় প্রতিষ্ঠানটির অস্তিত্ব না মেলায় উঠেছে প্রশ্ন।
ঢাকা: স্থানীয় সরকার নির্বাচন শুরুর নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোট কবে শুরু হবে বা শেষ হবে, সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন এবং অফিসগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, ইসির দেওয়া সময়সীমা অনুযায়ী তাঁর কাছে মনে হচ্ছে, চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা নেই। তবে নির্বাচন আয়োজন ও সময়সূচি নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত ইসিকেই নিতে হবে।
তিনি জানান, চলতি মাসের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আবার বৈঠক হতে পারে। সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা অংশ নেবেন। এরপর নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, রমজান, এসএসসি পরীক্ষা এবং ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার বিষয়গুলো বিবেচনায় নিয়ে ইসি নির্বাচনের সময় নির্ধারণ করতে পারে। ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করার বিষয়টিও সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে।
পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে ইসির প্রাথমিক হিসাবে প্রায় ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন মীর শাহে আলম। এর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা পরিষদ নির্বাচনে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে। পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে তুলনামূলক কম অর্থ প্রয়োজন হবে।
প্রতিমন্ত্রী বলেন, সম্ভাব্য এই ব্যয়ের কাছাকাছি অর্থ দেওয়ার প্রস্তুতি সরকারের রয়েছে। তবে চূড়ান্ত হিসাবের সঙ্গে ব্যয়ের পরিমাণ কিছুটা কমবেশি হতে পারে।
সরকারের পক্ষ থেকে চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করার প্রত্যাশা রয়েছে বলেও জানান তিনি। তবে নির্বাচন কবে শুরু হবে, সে সিদ্ধান্ত সরকার নেবে না; সময়সূচি নির্ধারণ করবে নির্বাচন কমিশন।
সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব স্থানীয় সরকার নির্বাচনে পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখনই এ বিষয়ে মন্তব্য করা কঠিন। কারণ নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জয়ের ক্ষেত্রে ঝুঁকি তৈরি হতে পারে বলে যে মন্তব্য করেছেন, সে বিষয়ে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, এ প্রশ্ন সংশ্লিষ্ট উপদেষ্টাকেই করা ভালো।
তিনি বলেন, এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি এবং আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীও হননি। ফলে প্রার্থীদের জন্য ঝুঁকি তৈরি হয়েছে কি না, তা বলার সময় এখনো আসেনি। নির্বাচন হলে তখন মানুষের প্রতিক্রিয়া বোঝা যাবে।