জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে আজ সংবাদ সম্মেলন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ও নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আজ সোমবার সংবাদ সম্মেলন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ঢাকা: বাংলাদেশে লিভার প্রতিস্থাপন কার্যক্রমে কারিগরি সহায়তা এবং বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের গাম্বাত ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (জিআইএমএস)। এ বিষয়ে দুই দেশের স্বাস্থ্য খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠকে স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা, প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্তকরণ, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর বাণিজ্য এবং স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে হাইকমিশনার ইমরান হায়দার দুই দেশের মধ্যে অঙ্গ প্রতিস্থাপনসংক্রান্ত চিকিৎসা সহযোগিতার বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। তিনি জানান, পাকিস্তানের গাম্বাত ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপনের বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে আগ্রহী।
একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচারে সরাসরি কারিগরি সহায়তা এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা দেওয়ার প্রস্তাবও দিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে নিয়মিত লিভার প্রতিস্থাপন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগের মধ্যেই পাকিস্তানের পক্ষ থেকে এ সহযোগিতার প্রস্তাব এলো। সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ছয়টি লিভার প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বছরে ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সার্জিক্যাল সরঞ্জাম ও ওষুধের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পাকিস্তানে মানসম্মত ভ্যাকসিন ও ক্যানসারের ওষুধ রপ্তানি আরও বাড়াতে পারে। একই সঙ্গে পাকিস্তানের উদ্যোক্তাদের বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে প্রস্তাবিত সমঝোতা স্মারক চূড়ান্ত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
বাংলাদেশে লিভার প্রতিস্থাপনের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ সাম্প্রতিক সময়ে জোরদার হয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, সরকারি অর্থায়নে ছয়টি লিভার প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে এবং আরও চারজন রোগীকে অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতি মাসে গড়ে দুটি করে, অর্থাৎ বছরে ২৪টি লিভার প্রতিস্থাপনের পরিকল্পনা জানিয়েছে।
এ প্রেক্ষাপটে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ, অস্ত্রোপচারে কারিগরি সহায়তা এবং টেলিমেডিসিনভিত্তিক পরবর্তী চিকিৎসাসেবার প্রস্তাব দুই দেশের স্বাস্থ্য সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে পারে।