ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্যের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়ারা নির্মাণের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, গণমাধ্যমে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়ারা নির্মাণের যে খবর এসেছে, তা সঠিক নয়।
তিনি বলেন, ‘পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা বানানো হবে—এ নিয়ে আমরা এখনো কোনো রকমের আলোচনা করিনি।’
সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ প্রকল্প সম্পন্ন করার বিষয়ে সরকার আলোচনা করছে বলে জানান মন্ত্রী।
আহমেদ আযম খান বলেন, স্বাধীনতা স্তম্ভ কীভাবে সম্পন্ন করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। স্বাধীনতা স্তম্ভের মূল চেতনা কীভাবে বাস্তবায়ন করা যায়, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী সে বিষয়েই কাজ করা হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে কী করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছিল। তবে বর্তমানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নির্মাণের কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে না।