রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা বন্ধের আহ্বান টিআইবির
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলোর প্রশ্রয় ও সহিংসতার পৃষ্ঠপোষকতা বন্ধের জোরালো আহ্বান জানিয়েছে টিআইবি। জাতীয় সংবাদ।
ঢাকা: বাংলাদেশে একটি আঞ্চলিক বা সরাসরি অফিস স্থাপনের প্রস্তাব সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মেটার বৈঠকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন অর্জন ও দিক তুলে ধরে তিনি এ কথা জানান।
প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে ফেসবুকের বিপুলসংখ্যক ব্যবহারকারী রয়েছে। দেশে মেটার সরাসরি কার্যালয় বা উপস্থিতি থাকলে ব্যবহারকারীদের সেবা আরও কার্যকর করা সম্ভব হবে। একই সঙ্গে বিভিন্ন অভিযোগ, ডিজিটাল নিরাপত্তা ও যেকোনো আইনি জটিলতার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির জবাবদিহিতা বহুগুণ বাড়ানো যাবে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি জানান, মেটা ছাড়াও অ্যাপল, এনভিডিয়া, গুগলসহ ১৫টির বেশি শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের ফলপ্রসূ বৈঠক হয়েছে। এসব বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, স্টার্টআপ সংস্কৃতির বিকাশ, ডিজিটাল অবকাঠামো এবং বিশেষ করে ‘বাংলা এআই’ চালুর বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব পেয়েছে। এছাড়া বাংলাদেশে প্রযুক্তিপণ্য উৎপাদন ও ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তোলার মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি এবং একটি টেকসই প্রযুক্তিনিরর্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায় এই উচ্চপর্যায়ের সফর পরিচালিত হয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে এবং অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী সান ফ্রান্সিসকো সফর বাতিল করেছেন মর্মে গণমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনাকে নিছক ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দেন শামা ওবায়েদ। তিনি স্পষ্ট করে জানান, প্রধানমন্ত্রীর সেখানে যাওয়ার কোনো পূর্বনির্ধারিত কর্মসূচিই ছিল না; বরং বাস্তবভিত্তিক ও ফলপ্রসূ কাজ এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিনিধিদল পাঠানো হয়েছিল। এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থেকে গণমাধ্যমকে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।