একটি শক্তিশালী ও কার্যকর সংসদই গণতন্ত্রের প্রকৃত প্রাণকেন্দ্র বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, কেবল আইন প্রণয়নই নয়, সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করাও আইনপ্রণেতাদের অন্যতম প্রধান দায়িত্ব। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে ইউএনডিপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্ট্রেংথেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে প্রকল্প বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতাও বেড়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের নৈতিক দায়িত্ব। এই ওরিয়েন্টেশন কর্মশালার মাধ্যমে লব্ধ জ্ঞান দেশে সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিগত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জনগণ এখন বর্তমান নির্বাচিত সংসদের দিকে তাকিয়ে আছে এবং জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে বর্তমান সংসদ নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা অনির্বাচিতভাবে সংসদ সদস্য হয়েছিলেন। দীর্ঘ সময় পর নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বহুগুণ বেড়েছে। ফ্যাসিবাদকে যেভাবে বিতাড়িত করা সম্ভব হয়েছে, তেমনিভাবে সবাই মিলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাও (এসডিজি) অর্জন করা সম্ভব হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, জাতীয় উন্নয়ন ও এসডিজি বাস্তবায়নে শুধু বাজেট বরাদ্দ এবং সরকারি ব্যয়ের পরিমাণ পর্যবেক্ষণ করলেই চলবে না, বরং বরাদ্দকৃত অর্থের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দারিদ্র্য বিমোচন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকের ঋণের সুদ মওকুফ এবং কৃষক কার্ড চালুসহ যেসব কর্মসূচি গ্রহণ করেছে, তা প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও এসডিজির অভীষ্ট অর্জনে কার্যকর ভূমিকা রাখছে।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ। স্পিকার সংসদের উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ, ইউএনডিপির প্রতিনিধি ও প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।