পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি ২০২৭
২০২৭ সালে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ ধাপের ভোট ২৭ মে।
আশুলিয়া: ঢাকার আশুলিয়ার ইয়ারপুরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে সাড়ে সাত ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে জামগড়া এলাকার একটি আধাপাকা বাড়ি থেকে কথিত অস্ত্রধারী ডাকাত দলের সর্দার শাওনসহ ছয়জনকে আটক করা হয়। এ সময় দেশীয় অস্ত্র, রামদা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দীর্ঘ সময় ধরে চলা এ অভিযানকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটক ব্যক্তিদের দেখতে ঘটনাস্থলের আশপাশে শত শত মানুষ ভিড় করেন।
আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, কাশিমপুর থানার একটি ডাকাতি মামলার তদন্ত করতে গিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সন্ধান পায় পুলিশ। তদন্তের সূত্র ধরে চক্রটির কথিত প্রধান শাওনের পরিচয় শনাক্ত হওয়ার পর তাকে আটক করতে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, জামগড়ার মোত্তালেবের বাড়ির একটি আধাপাকা বাসায় ভাড়া থাকতেন শাওন ও তার সহযোগীরা। তাদের বিরুদ্ধে আশপাশের লোকজনকে সরিয়ে নিজেদের লোকজনের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।
অভিযানের সময় পুলিশ বাড়িটি ঘিরে ফেললে ভেতরে থাকা ব্যক্তিরা প্রতিরোধ গড়ে তোলেন বলে দাবি পুলিশের। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর একাধিকবার হামলা চালানো হয় এবং পালানোর জন্য ঘরের তিন-চারটি দরজা ভেঙে ফেলা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসআই রাশেদুজ্জামান বলেন, রাত আড়াইটার দিকে পুলিশের একাধিক দল সতর্কতার সঙ্গে অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে এক নারী পোশাকশ্রমিকের গলায় ছুরি ধরে রাখা হয়েছিল বলেও তিনি জানান। দীর্ঘ সাড়ে সাত ঘণ্টার অভিযানের পর শাওনসহ ছয়জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১০ থেকে ১২টি দেশীয় অস্ত্র, রামদা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে টঙ্গী, বাড়ি, জিরাবো, কাশিমপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তবে শাওন ছাড়া অন্য আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শাওনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, কাশিমপুর থানা-পুলিশকে সহায়তা দিয়ে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা বর্তমানে কাশিমপুর থানায় রয়েছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের মামলা থাকায় পরবর্তী সময়ে আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।