মুম্বাইয়ে বিক্ষোভের পর শরীরে চোটের চিহ্ন দেখালেন অভিনেত্রী জেন, আটক হন ইমরান খান
মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।
বিনোদন: বড় কোনো তারকা নেই, প্রচারেও ছিল সীমাবদ্ধতা। তবু বক্স অফিসে অভাবনীয় সাফল্য দেখাচ্ছে কন্নড় সিনেমা ‘প্রেমাদা ওরালি’। মাত্র আড়াই কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি মুক্তির ১৮ দিনের মধ্যে ভারতে প্রায় ৫৯ কোটি রুপি নেট আয় করেছে। স্বল্প বাজেটের এই সিনেমার সাফল্য এখন ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে আলোচনার বিষয়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মনোজ কুমারের পরিচালনায় সিনেমাটি মুক্তির শুরুতে খুব বেশি দর্শক টানতে পারেনি। তবে সময়ের সঙ্গে বদলে যায় পরিস্থিতি। দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া ও মুখে মুখে ছড়িয়ে পড়া প্রচারণায় বাড়তে থাকে সিনেমাটির প্রতি আগ্রহ। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে প্রদর্শনী ও আয়।
বক্স অফিসের হিসাব প্রকাশকারী ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে মাত্র ৬০টি প্রদর্শনী থেকে প্রায় ৯ লাখ রুপি আয় করেছিল সিনেমাটি। তবে ১৮তম দিনে আয় বেড়ে দাঁড়ায় প্রায় ৫ কোটি রুপিতে। ওই দিন পর্যন্ত ভারতে সিনেমাটির মোট নেট আয় ছিল প্রায় ৫৯ কোটি রুপি।
সিনেমাটির সাফল্যের পেছনে নির্মাতাদের ব্যতিক্রমী প্রচারকৌশলও ভূমিকা রেখেছে। মুক্তির আগের দিন পর্যন্ত দর্শক পাওয়া নিয়ে শঙ্কায় ছিলেন পরিচালক মনোজ কুমার। পর্যাপ্ত প্রচার বাজেট না থাকায় প্রচলিত বিপণন কৌশলের বদলে তাঁরা বেছে নেন অভিনব পদ্ধতি।
বিয়ের আমন্ত্রণপত্রের আদলে কার্ড ছাপিয়ে বাসে বাসে ঘুরে অপরিচিত মানুষের হাতে সেগুলো তুলে দেন নির্মাতা ও সিনেমাটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তাঁদের অনুরোধ ছিল, অন্তত একবার যেন দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখেন।
নির্মাতাদের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয় দর্শকের ইতিবাচক সাড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা এবং মুখে মুখে প্রচারণার ফলে ধীরে ধীরে সিনেমাটির দর্শক বাড়তে থাকে। শুরুতে সীমিত প্রদর্শনীতে মুক্তি পাওয়া সিনেমাটি একপর্যায়ে বক্স অফিসে গতি পায়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি নির্মাণের সময়ও অর্থসংকটে পড়েছিলেন নির্মাতারা। কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পেরে একপর্যায়ে মায়ের মঙ্গলসূত্র বন্ধক দেওয়ার কথাও ভেবেছিলেন পরিচালক মনোজ কুমার।
সেই সিনেমাই এখন নির্মাণব্যয়ের তুলনায় বহুগুণ বেশি আয় করে আলোচনায় এসেছে। মাত্র আড়াই কোটি রুপি বাজেটের বিপরীতে ৫৯ কোটি রুপি নেট আয়—এই হিসাব সিনেমাটির বাণিজ্যিক সাফল্যের চিত্র তুলে ধরছে।
স্বল্প বাজেটে নির্মিত হয়েও বক্স অফিসে সাফল্য পাওয়া ‘হনুমান’ ও ‘লালো’র মতো সিনেমার ধারায় এবার আলোচনায় উঠে এসেছে ‘প্রেমাদা ওরালি’। সিনেমাটির সাফল্য আবারও দেখাচ্ছে, বড় তারকা কিংবা বিপুল প্রচার বাজেট না থাকলেও দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া একটি সিনেমার বাণিজ্যিক যাত্রা বদলে দিতে পারে।
সীমিত প্রচার থেকে মুখে মুখে জনপ্রিয়তা—‘প্রেমাদা ওরালি’র বক্স অফিস যাত্রা তাই শুধু আয়ের হিসাব নয়, স্বল্প বাজেটের চলচ্চিত্র নির্মাতাদের জন্যও একটি উল্লেখযোগ্য উদাহরণ।