প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্বে আসার আগে জাতির সামনে যেসব উন্নয়ন ও পরিবেশবান্ধব পরিকল্পনা তুলে ধরেছিলেন, বর্তমানে দেশে সেগুলোই বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে তুরস্ক সফর শেষে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে।
ব্রিফিংয়ে প্রেস সচিব সালেহ শিবলী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগেই দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জাতিকে জানিয়েছিলেন। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনেও (COP31) তিনি বাংলাদেশের সেই সুনির্দিষ্ট উদ্যোগগুলো বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন এবং বর্তমানে দেশে সেগুলোর সফল বাস্তবায়ন চলছে। সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা জরুরি দাবি উপস্থাপন করেছেন উল্লেখ করে তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে সক্রিয় অংশগ্রহণ ছিল। সম্মেলনের অর্জনের বিস্তারিত তথ্য আগামী এক-দুই দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানাবে।
প্রধানমন্ত্রীর বিদেশ সফরের ক্ষেত্রে ব্যয় সংকোচন ও জনভোগান্তি এড়ানোর ইতিবাচক পরিবর্তনের কথা তুলে ধরে প্রেস সচিব জানান, এবারের তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা ছিল মাত্র ২১ জন। এছাড়া অতীতে সরকারপ্রধানদের বিদেশ যাত্রা বা দেশে ফেরার সময় বিমানবন্দর ও সড়কে যেভাবে হাজার হাজার মানুষের ভিড় ও জনদুর্ভোগ তৈরি হতো, বর্তমান সরকার সেই সংস্কৃতি থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে। উল্লেখ্য, গত ১০ নভেম্বর তিন দিনের সরকারি সফরে তুরস্কে গিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ-৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেন।