ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) সক্রিয় রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩৫ থেকে কমে ৩২-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক বিমান চলাচলবিষয়ক প্রকাশনা ফ্লাইটগ্লোবাল। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইটগ্লোবালের সর্বশেষ ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরিতে ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩২ উল্লেখ করা হয়েছে। এর আগের সংস্করণে এই সংখ্যা ছিল ৩৫; ২০২৫ সালের শেষ দিকে প্রকাশিত ওই সংস্করণে ফ্রান্সের কাছ থেকে কেনা মোট ৩৬টি রাফালের মধ্যে ৩৫টিকে সক্রিয় হিসেবে দেখানো হয়েছিল। উল্লেখ্য, ভারত ফ্রান্সের কাছ থেকে ২৮টি এক আসনবিশিষ্ট ইএইচ এবং আটটি দুই আসনবিশিষ্ট ডিএইচ সংস্করণের মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছিল।
তবে নতুন তালিকায় তিনটি যুদ্ধবিমান কম দেখানোর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ফ্লাইটগ্লোবাল; এমনকি কোন বিমানগুলো সক্রিয় বহরের বাইরে রাখা হয়েছে, সেটিও স্পষ্ট করা হয়নি। প্রতিষ্ঠানটি মূলত সিরিয়ামের সামরিক বিমানবহরসংক্রান্ত তথ্যভান্ডার ব্যবহার করে এই হিসাব তৈরি করেছে। এদিকে ভারতীয় বিমানবাহিনী ২০২৬ সালের জুনে তাদের ৩৬টি রাফাল যুদ্ধবিমানের জন্য ‘ব্রিজ সাপোর্ট’ চেয়ে একটি দরপত্র আহ্বান করে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, ওই দরপত্রে পুরো রাফাল বহরের রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
রাফাল যুদ্ধবিমানের সক্রিয় সংখ্যা কমে যাওয়ার তথ্য সামনে আসায় ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের পর দেশটির বিমানবহরের অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সে বছরের ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ শুরু করে ভারত। চার দিনব্যাপী সংঘাতের পর ভারতীয় বিমানবাহিনী বলেছিল, ‘যুদ্ধে ক্ষয়ক্ষতি হওয়া স্বাভাবিক বিষয়’। তবে ওই সময় কতটি বা কী ধরনের যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি তারা। অন্যদিকে চলতি বছরের মে মাসে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমানবাহিনী দাবি করে, যুদ্ধে তাদের নিশ্চিতভাবে ভূপাতিত করা যুদ্ধবিমানের মধ্যে চারটি রাফাল, একটি সুখোই-৩০, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ-২০০০ ছিল; পাশাপাশি একটি বহুমুখী চালকবিহীন আকাশযান ধ্বংসের দাবিও করে তারা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন সময়ে ভারত-পাকিস্তান সংঘাতে একাধিক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বলেছেন। গত ফেব্রুয়ারিতে তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, ভূপাতিত যুদ্ধবিমানের সংখ্যা ছিল ১০টি; এর আগে তিনি প্রথমে পাঁচটি এবং পরে গত বছরের অক্টোবরে সাতটি ও নভেম্বরে আটটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা উল্লেখ করেছিলেন। তবে ফ্লাইটগ্লোবালের প্রকাশিত এই তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দাবি, প্রকাশিত এই পরিসংখ্যান ভারতীয় বিমানবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে সরবরাহ করা হয়নি। এদিকে ভারতের রাফাল কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে—২০২৫ সালের এপ্রিলে দেশটি ফ্রান্সের সঙ্গে ভারতীয় নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল-মেরিন যুদ্ধবিমান কেনার চুক্তি করে এবং বিমানবাহিনীর জন্য আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়েও আলোচনা চলছে।