বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরকালে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এ ছাড়া মালয়েশিয়ায় প্রবাসীদের কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন বিরোধীদলীয় নেতা।
বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম। ঢাকা ত্যাগকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ও এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। আগামী ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতার দেশে ফেরার কথা রয়েছে।