বিশ্ব

তুরস্কে কপ-৩১ জলবায়ু আলোচনা: জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে তীব্র মতভেদ

ছবি: সংগৃহীত

চুক্তির একটি খসড়া প্রস্তাব থেকে জীবাশ্ম জ্বালানির সব প্রসঙ্গ বাদ দেওয়ায় বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলার উপায় নিয়ে গভীর মতভেদ দেখা দিয়েছে। দেশগুলো একটি সমঝোতায় পৌঁছাতে মরিয়া হয়ে ওঠায় তুরস্কে চলমান কপ-৩১ জলবায়ু আলোচনা নির্ধারিত সময়সীমা পেরিয়ে শনিবার (২১ নভেম্বর) পর্যন্ত গড়িয়েছে। দুই সপ্তাহব্যাপী জাতিসংঘের এই আলোচনার পর জ্বালানি, বিজ্ঞান ও অর্থায়ন নিয়ে বিরোধের জেরে নির্ধারিত শুক্রবারের সময়সীমা পেরিয়ে যাওয়ায় প্রায় ২০০টি দেশ অচলাবস্থায় পড়ে এবং আলোচকেরা রাতভর বৈঠক চালিয়ে যান। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্মেলনের সভাপতিত্বকারী অস্ট্রেলিয়া তৃতীয় দফায় চুক্তির খসড়া তৈরির চেষ্টা করছে; তবে সময় দ্রুত ফুরিয়ে আসায় এবং অনেক প্রতিনিধির দেশে ফেরার ফ্লাইট থাকায় চাপ বাড়ছে।

শুক্রবার গভীর রাতে কয়েকটি কারিগরি বিষয়ে সম্মেলনের অধিবেশনে অনুমোদন দেওয়া হয়। এ সময় কপ-৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম বলেন, ‘আমরা চূড়ান্ত লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছেছি। তবে এখনো সেখানে পৌঁছাতে পারিনি।’ উদ্বোধনী বক্তব্যের মাঝপথে এক বিক্ষোভকারী ‘আপনারা ভবিষ্যৎকে ধ্বংস করছেন’ বলে চিৎকার করলে কুরুমকে বক্তব্য থামাতে হয়; পরে নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে সম্মেলনকক্ষ থেকে বের করে দেন। ইরান যুদ্ধের কারণে সৃষ্ট তেলের মূল্যবৃদ্ধি এবং ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এ সম্মেলনে বড় অগ্রগতির প্রত্যাশা শুরু থেকেই কম ছিল। ইউরোপ থেকে নেপাল ও ইন্দোনেশিয়া পর্যন্ত ধারাবাহিক জলবায়ুজনিত দুর্যোগের পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত চুক্তির প্রথম খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল, যার তীব্র বিরোধিতা করে আসছিল সৌদি আরবের মতো তেল উৎপাদনকারী দেশগুলো। বৃহস্পতিবার প্রকাশিত দ্বিতীয় ও কাটছাঁট করা খসড়া থেকে জীবাশ্ম জ্বালানির সব উল্লেখ মুছে ফেলা হলে আলোচকেরা আবারও দর-কষাকষির টেবিলে ফিরতে বাধ্য হন। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, সংশোধিত এই খসড়াটি ‘জলবায়ুসংক্রান্ত এই কপ সম্মেলনকে একটি জীবাশ্ম জ্বালানির সম্মেলনে পরিণত করার ঝুঁকি তৈরি করছে’। ফ্রান্স থেকে পানামা এবং সলোমন দ্বীপপুঞ্জ পর্যন্ত এক ডজন ইউরোপীয় ও উন্নয়নশীল দেশ শুক্রবার প্রকাশিত এক চিঠিতে চুক্তিতে ‘জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার একটি সুস্পষ্ট রূপরেখা’ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী পানামা আলোচনা থেকে সরে আসার হুমকিও দিয়েছে; দেশটির পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো অগ্রগতির পথে বাধা সৃষ্টির জন্য ‘পেট্রোলিয়াম মাফিয়াদের’ অভিযুক্ত করেন। এদিকে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, সম্মেলনের ফাঁকে সংস্থাটির প্রধান হাইথাম আল ঘাইস রাশিয়ার প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক দূত রুসলান এদেলগেরিয়েভের সঙ্গে বৈঠকে বহুপক্ষীয় ফোরামে ‘অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির গুরুত্ব’ নিয়ে আলোচনা করেছেন।

সমঝোতায় পৌঁছাতে অস্ট্রেলিয়ার জলবায়ুবিষয়ক মন্ত্রী ক্রিস বোয়েন বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। শুক্রবার তিনি বলেন, ‘কাজ শেষ করতে যত সময়ই লাগুক, আমি চেষ্টা চালিয়ে যাব।’ চুক্তির সর্বশেষ খসড়ায় ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি চাহিদার ৩৫ শতাংশ বিদ্যুতের মাধ্যমে পূরণ এবং বিশ্ব অর্থনীতিকে বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রার প্রস্তাব দেওয়া হয়েছে। কপ-৩১-এর আয়োজক দেশ তুরস্ক ও অস্ট্রেলিয়ার মতে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমাতে বিদ্যুতায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বোয়েন বলেন, ‘জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার চাবিকাঠি হলো বৈদ্যুতায়ন।’ তবে অতিরিক্ত বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে নাকি কয়লা ও গ্যাস থেকেও উৎপাদন করা যাবে, সে বিষয়ে খসড়ায় স্পষ্ট কিছু না থাকায় কয়েকটি দেশ লক্ষ্যমাত্রায় ‘পরিচ্ছন্ন’ বিদ্যুতের বিষয়টি যুক্ত করার দাবি জানিয়েছে। পাশাপাশি ব্যয়বহুল ও অপরীক্ষিত বিবেচনায় কার্বন ধারণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে কয়েকটি দেশ।

জলবায়ু অর্থায়ন ও বিজ্ঞানবিষয়ক অন্যান্য ইস্যুতেও দেশগুলোর মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি)-এর পরবর্তী প্রতিবেদন প্রকাশের সময় নির্ধারণ নিয়ে বড় মতপার্থক্য দেখা দিয়েছে। সর্বশেষ খসড়ায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রা অতিক্রমের আশঙ্কায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হলেও এ শতাব্দীতে উষ্ণতা বৃদ্ধির হার আবার ওই সীমার নিচে নামিয়ে আনার আগের আহ্বানটি বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য ১২০ বিলিয়ন ডলারের যে অর্থায়ন লক্ষ্যমাত্রা ছিল, তা খসড়া থেকে বাদ দেওয়ায় উন্নয়নশীল দেশগুলো ক্ষুব্ধ হয়েছে। এ প্রসঙ্গে ঘানার পরিবেশমন্ত্রী জানেতর আগিয়েমান-রলিংস বলেন, ‘আমরা এখানে ভিক্ষা চাইতে আসিনি।’

Related News

ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় বহরে কমেছে রাফাল যুদ্ধবিমান, বাড়ছে জল্পনা

ফ্লাইটগ্লোবালের সর্বশেষ ডিরেক্টরিতে ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় রাফাল যুদ্ধবিমান ৩৫ থেকে কমে ৩২টি দেখানো হয়েছে। মোট ৩৬টি রাফালের মধ্যে বাকি চারটির অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণের নির্দেশ আইসিজের

ঐতিহাসিক রায়ে মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও অপরাধীদের শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক আদালতের রায়: রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার, বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয়

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে আইসিজের দোষী সাব্যস্ত করার ঐতিহাসিক রায়, কক্সবাজারের রোহিঙ্গাদের প্রতিক্রিয়া ও বাংলাদেশের কূটনৈতিক করণীয় নিয়ে লিখেছেন আতাউর রহমান মিন্টু।

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে যুদ্ধ ড্রোন ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় জাতিসংঘের পরিদর্শন করতে দেবে না ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান ও শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএর পরিদর্শকদের প্রবেশ করতে দেবে না বলে জানিয়েছে ইরান।

ইরানি হামলা আবার শুরু হওয়ায় বিকট বিস্ফোরণে কাঁপল বাহরাইন

তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো রোববার ইরানি ড্রোন হামলার শিকার হয়ে বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছে বাহরাইন। দেশটিতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

ম্যানিলায় শুরু হলো আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় রোববার শুরু হয়েছে আসিয়ান সম্মেলন। বাণিজ্য, নিরাপত্তা ও ট্রাম্পের সফরকে কেন্দ্র করে বিশ্ববাসীর নজর এখন এই আঞ্চলিক সম্মেলনের দিকে।

দক্ষিণ সুদানে প্রথম নির্বাচন আবারও পেছাল, নতুন তারিখ ১১ ফেব্রুয়ারি

জাতিগত ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারও পিছিয়ে আগামী ১১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

Search