সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও র্যালি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে এ আদেশ জারি করেন।
আদেশে জানানো হয়, ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো এবং গণ-উপদ্রব সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে নগরবাসীকে নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপি এই শোকাবহ সময়ে জনশৃঙ্খলা বজায় রাখতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।