রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন বালুর মাঠ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. ইব্রাহিম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা একটি দ্রুতগামী যানবাহন তাকে ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ভোলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ কাশিরহাট গ্রামের আনিসুল হকের ছেলে। তিনি বর্তমানে পরিবারের সাথে কদমতলীর জুরাইন মিষ্টির দোকান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের স্ত্রী মিনারা বেগম জানান, ইব্রাহিম পুরান ঢাকার নবাবপুর মার্কেটে দিনমজুর হিসেবে কাজ করতেন। রাতে বাসায় ফেরার সময় জুরাইন বালুর মাঠ মুন্সিবাড়ি এলাকায় কোনো একটি যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক আহমেদ জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শ্যামপুর থানা পুলিশ ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।