আন্তর্জাতিক প্রতিবেদক : সেবার মানে ঘাটতি থাকায় ১ হাজার ৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির সাথে চুক্তি স্থগিত করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গত রোববার এক মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের মোট ৫ হাজার ৮০০ এজেন্সির মধ্যে যারা মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছে, তাদের ১০ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কারিগরি ও সেবার মান সংশোধন করলে চুক্তি পুনরায় সচল হবে। তবে যাদের ওমরাহ ভিসা ইতিমধ্যে হয়ে গেছে, তাদের ওপর এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। মূলত হজযাত্রীদের নিরাপদ ও উন্নত মানের সেবা নিশ্চিত করতেই এই শুদ্ধি অভিযান চালানো হচ্ছে।