দেশের ১১টি অঞ্চলে সন্ধ্যার মধ্যেই ধেয়ে আসতে পারে তীব্র ঝড়-বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টিও। এই বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) আবহাওয়া অফিসের দেওয়া একটি বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
ঝুঁকি এড়াতে এই ১১টি অঞ্চলের সব নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।