পঞ্চগড়ে ২ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা।
মো: জিয়াউদ্দিন বাবু, বরিশাল: শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে বরিশালে ‘জেলা অ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা’ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (এনএনএস) এর বাস্তবায়নে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, শিশুদের রাতকানা ও অপুষ্টি প্রতিরোধে ভিটামিন ‘এ’ প্লাস অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। সব শিশু সঠিকভাবে মায়ের দুধ কিংবা সঠিক মাত্রায় ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার গ্রহণ করতে পারে না। ফলে অনূর্ধ্ব ৫ বছর বয়সের শিশুদের বিরাট অংশ এই ভিটামিনের অভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এ ঘাটতি পূরণে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। দেশে শিশুদের একটি অংশ অপুষ্টিতে ভুগছে। বছরে দুইবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণের মাধ্যমে শিশুদের অন্ধত্বের অভিশাপ থেকে মুক্ত করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিশুমৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব।
তিনি আরও বলেন, এ ক্যাম্পেইন সফল করতে সাধারণ জনগণের মাঝে ব্যাপক প্রচার চালাতে হবে। সচেতনতা সৃষ্টি করতে গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও পোস্টার টানানোর কার্যক্রম পরিচালনা করতে হবে।
সভায় জানানো হয়, ২৮ জুন ২০২৬ দেশব্যাপী অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্রে শিশুকে বিনামূল্যে এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সি শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় আরও জানানো হয়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বরিশাল জেলার সব উপজেলায় একযোগে পরিচালিত হবে। জেলার ১০টি উপজেলায় ৯টি স্থায়ী টিকাদান কেন্দ্র এবং ২০৮৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে।
সভায় সিভিল সার্জন ডা. এস. এম. মনজুর-এ-এলাহীর সভাপতিত্বে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজন রায়, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোঃ এজাজ হোসেনের তত্ত্বাবধানে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের ওপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।