ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে উপস্থিত হয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, উচ্চপদস্থ প্রতিনিধি এবং ধর্মীয় নেতারা। শুক্রবার (৩ জুলাই) থেকে শুরু হওয়া এই শোক অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই শোকাবহ পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে শীর্ষ নেতারা ইরানে পৌঁছাতে শুরু করেছেন।
অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার তেহরানে এসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ইরাকের প্রেসিডেন্ট নিজার আমিদি, ইরাকি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হালবুসি, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমন এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। এছাড়া কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি ও উজবেক পার্লামেন্টের স্পিকার নুরিদ্দিন ইসমাইলভসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা সেখানে পৌঁছেছেন।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি ফিলিস্তিনি ধর্মীয় পণ্ডিত, রুশ ও ইরানি ধর্মগুরু, তুরস্ক ও লেবাননের রাজনৈতিক প্রতিনিধি, ভারতীয় প্রতিনিধি দলসহ বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। হিজবুল্লাহ এবং বিভিন্ন দেশের রাজনৈতিক দলের পক্ষ থেকেও খামেনির স্মরণে বিশেষ শোকসভার আয়োজন করা হয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৬ জুলাই মূল অন্ত্যেষ্টিক্রিয়া শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই এই আনুষ্ঠানিকতা ইরানের পবিত্র নগরী কোমে এবং ৮ জুলাই ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় নেওয়া হবে। সবশেষে আগামী ৯ জুলাই মাশহাদের ইমাম আলী রেজা মাজারে খামেনির দাফন সম্পন্ন হবে।
সূত্র: ইয়েনি শাফাক