ঢাকা: ফ্যাসিবাদের আমলে নারী ও শিশুরা সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছিত ও অপমানের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সেই দীর্ঘ নিপীড়নের বিরুদ্ধে শুরু থেকেই রাজপথে প্রতিবাদ করে আসছে জাতীয়তাবাদী মহিলা দল।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের আমলের কঠোর সমালো করে রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের আমলে সোস্যাল মিডিয়ায় বা অনলাইনে যে সকল নারী স্বাধীনভাবে লেখালেখি করতেন, তাঁদেরকেও সরকারি দল ও অঙ্গসংগঠনের মাধ্যমে নির্মমভাবে নিপীড়ন করা হয়েছিল।
নারীদের ওপর আক্রমণকারীদের ‘কাপুরুষ’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, সম্প্রতি ইতালিতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা একটি অত্যন্ত ঘৃণ্য ও কাপুরুষোচিত অপরাধ। প্রবাসে বসেও ফ্যাসিস্টদের দোসররা এমন ন্যক্কারজনক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জ্বালানি সংকট একটি বৈশ্বিক বা আন্তর্জাতিক বিষয়; তাই এককভাবে কোনো একক রাষ্ট্রের পক্ষে রাতারাতি এর সমাধান করা সম্ভব নয়। তবে খুব শীঘ্রই দেশের গ্যাসের সংকট ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি, দেশের অর্থনীতি ও বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন বলেও জানান তিনি।
এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রীবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।