ঢাকা: ‘ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই হাসপাতাল থেকে শুরু হয় না; লড়াই শুরু হয় ঘর ও আশপাশের পরিবেশ থেকে।’ ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে এ কথা বলেছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
শনিবার রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসন-২-এর সংসদ সদস্য শিরীন সুলতানা ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক।
বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা তাঁর বক্তব্যে বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও যাতে পানি জমতে না পারে, সে বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ডেঙ্গু প্রতিরোধ কেবল সরকারের একার দায়িত্ব নয়। বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি এডিস মশার প্রজননস্থল তৈরি করে। তাই প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় নিয়ে ঘরের আশপাশ পরিষ্কার রাখতে হবে। তিনি আরও বলেন, এক দিনের পরিচ্ছন্নতা অভিযান দিয়ে ডেঙ্গু নির্মূল সম্ভব নয়, বরং পরিচ্ছন্নতাকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে ডিসি ফরিদা বলেন, ‘তোমরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তোমরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদেরও সচেতন করবে।’ আলোচনা সভা শেষে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহণে স্কুলসংলগ্ন এলাকায় একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।