শিক্ষা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নাম, লোগো ও দাপ্তরিক পরিচয় অননুমোদিতভাবে ব্যবহার করে পরিচালিত ফেসবুক পেজ ও গ্রুপের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে সংস্থাটি। আগামী সাত দিনের মধ্যে এসব পেজ ও গ্রুপের কার্যক্রম বন্ধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মাউশি।
রোববার (৪ অক্টোবর) মাউশির প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ মাউশির নাম, পরিচিতি, লোগো বা প্রতীক ব্যবহার করে অননুমোদিত ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনা করছেন। এসব প্ল্যাটফর্মে দাপ্তরিক বিষয়ে বিভ্রান্তিকর তথ্যের পাশাপাশি অশালীন, মানহানিকর ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রকাশ করা হচ্ছে।
মাউশির ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ডের কারণে শিক্ষক-কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ‘Directorate of Secondary and Higher Education-DSHE’ নামের ফেসবুক পেজটিই তাদের একমাত্র অফিসিয়াল পেজ।
মাউশি বলেছে, অন্য কোনো পেজ বা গ্রুপকে অধিদপ্তরের অফিসিয়াল প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা যাবে না।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে মাউশির নাম, পরিচিতি ও লোগো ব্যবহার করা অননুমোদিত পেজ ও গ্রুপের সব ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে। অন্যথায় কোনো অতিরিক্ত সতর্কীকরণ ছাড়াই সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
মাউশি সংশ্লিষ্ট সবাইকে অননুমোদিত পেজ ও গ্রুপের তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।