আন্তর্জাতিক: অবসরে স্বামী তাকে বাইরে ঘুরতে বা বেড়াতে নিয়ে যেতে আগ্রহী নন—এমন অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহর এক নারী বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
শারজাহ আদালতের পারিবারিক পরামর্শ বিভাগের পরিচালক ড. রাধিয়া হাসান আল রাইসি একটি টেলিভিশন অনুষ্ঠানে ঘটনাটি তুলে ধরেন।
তিনি জানান, ওই নারী পারিবারিক পরামর্শ বিভাগে গিয়ে অভিযোগ করেন, তার স্বামী বেশিরভাগ সময় বাড়িতে থাকতেই পছন্দ করেন। স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া কিংবা কোথাও ভ্রমণের ব্যাপারেও তার তেমন আগ্রহ নেই।
স্বামীর বিরুদ্ধে অভিযোগ থাকলেও ওই নারী স্বামীর স্বভাবের প্রশংসা করেছেন। তার ভাষ্য অনুযায়ী, স্বামী উদার, ধৈর্যশীল এবং ভদ্র প্রকৃতির। তবে বাইরে ঘোরাঘুরি ও বিনোদনের বিষয়ে স্বামীর অনাগ্রহ তাকে দীর্ঘদিন ধরে হতাশ করে আসছিল।
একপর্যায়ে বিষয়টি নিয়ে তিনি এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েন যে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং পারিবারিক পরামর্শ বিভাগের দ্বারস্থ হন।
পারিবারিক পরামর্শ বিভাগের কর্মকর্তারা ওই নারীকে বোঝানোর চেষ্টা করেন এবং শুধু জীবনযাপনের ধরন ও অবসরের পছন্দের পার্থক্যের কারণে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেন।
প্রয়োজনে স্বামী ঘুরতে যেতে আগ্রহী না হলে তিনি যেন ভাই-বোন কিংবা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অবসর কাটাতে ও ঘুরতে যান, সেই পরামর্শও দেওয়া হয়।
ড. রাধিয়া হাসান আল রাইসি বলেন, দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর পছন্দ ও জীবনযাপনের ধরনে কিছুটা অমিল বা মতপার্থক্য তৈরি হওয়া স্বাভাবিক। তবে প্রতিটি মতবিরোধের পরিণতি বিবাহবিচ্ছেদ হওয়া উচিত নয়।
তার মতে, বড় কোনো সংকট, নির্যাতন বা গুরুতর সমস্যা না থাকলে ছোটখাটো পছন্দ-অপছন্দের অমিলকে আইনি বিরোধে রূপ না দিয়ে পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত।
ঘটনাটি দাম্পত্য সম্পর্কে ব্যক্তিগত পছন্দের পার্থক্য এবং যোগাযোগের গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।