স্ত্রী আফরা ইভনাত ইকরাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়ার ১০ দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ। রোববার (২১ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর বিভাগের পরিদর্শক মো. আব্দুল মালেক এই আবেদন জমা দেন। পরবর্তীতে আসামির উপস্থিতিতে এই রিমান্ড শুনানির দিন ধার্য করা হবে বলে জানা গেছে।
সিএমএম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হারুনুর রশিদ রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১৮ জুন দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেছিলেন অভিনেতা আলভী। তবে আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণী অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইকরাকে উদ্ধার করেন তার পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং আলভীর বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। উল্লেখ্য, এই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।