চীনের মাটিতে উড়ন্ত ফর্মে বাংলাদেশ
অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে স্বাগতিক চীনকে ৬-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয়ে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী হকি দল।
স্পোর্টস: বার্সেলোনায় সোনালী সময় কাটানোর পর ২০২১ সালে স্পেন ছেড়েছিলেন লিওনেল মেসি। বর্তমানে মার্কিন মুল্লুকের ক্লাব ইন্টার মায়ামিতে খেললেও স্প্যানিশ ফুটবলের সঙ্গে তাঁর নাড়ির টান যে ফুরিয়ে যায়নি, তার প্রমাণ মিলল আবারও। স্পেনের দ্বিতীয় ডিভিশনের একটি ক্লাবের মালিকানা অর্জনের পথে রয়েছেন আর্জেন্টাইন এই জাদুকর।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব ‘এলদেনসে’ কেনার বিষয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন লিওনেল মেসি। তবে চুক্তিটি এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। বর্তমানে ক্লাবটির আর্থিক ও আইনি বিষয়গুলো চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া ও পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের (CSD) চূড়ান্ত অনুমোদনের পরই মালিকানা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত হবে।
সব প্রক্রিয়া সফলভাবে শেষ হলে এলদেনসে হবে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ফুটবল ক্লাব। এর আগে চলতি বছরেই স্পেনের পঞ্চম ডিভিশনের আধা-পেশাদার ক্লাব ‘করনেয়া’ কিনে নেন তিনি। করনেয়া পঞ্চম সারির দল হওয়ায়, এলদেনসে হবে স্পেনে মেসির মালিকানাধীন প্রথম কোনো পূর্ণাঙ্গ পেশাদার ক্লাব। এছাড়া উরুগুয়ের ক্লাব ‘দেপোর্তিভো এলএসএম’-এর মালিকানার সঙ্গেও ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজের পাশাপাশি আংশিকভাবে যুক্ত আছেন ৩৯ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে দীর্ঘ সময় স্প্যানিশ ফুটবলের নিচের সারির লিগগুলোতে কাটিয়ে দীর্ঘ ১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে উন্নীত হয়েছিল। যদিও মাঝে অবনমন ঘটেছিল, তবুও চলতি গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে তারা আবারও দ্বিতীয় বিভাগে ফিরে এসেছে। তবে নতুন লিগে ফিরে খুব একটা ভালো সময় কাটছে না দলটির। চলতি মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে কোনো জয়ের মুখ দেখেনি তারা। দলগত এই খারাপ পারফরম্যান্সের কারণে ইতোমধ্যে কোচ ক্লদিও বারগানকেও বরখাস্ত করা হয়েছে। নতুন কোনো কোচ ছাড়াই বর্তমানে ক্লাবটির কার্যক্রম চলছে। ৫ হাজার ৭৭৬ দর্শক ধারণক্ষমতার ‘নুয়েভো পেপিকো আমাত’ স্টেডিয়ামটি এই ক্লাবের হোম ভেন্যু।
বিশ্লেষকদের মতে, এলদেনসে ও কর্নেয়ার মালিকানা অর্জনে এই মুহূর্তে বড় কোনো নিয়মতান্ত্রিক জটিলতার আশঙ্কা নেই। কারণ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, একই মালিকের দুটি দল ভিন্ন ভিন্ন লিগ স্তরে খেললে কোনো বাধা নেই। বর্তমানে করনেয়া পঞ্চম বিভাগে এবং এলদেনসে দ্বিতীয় বিভাগে খেলছে—মাঝখানে তিন বিভাগের ব্যবধান রয়েছে। তবে ভবিষ্যতে যদি কোনোভাবে দুটি দলই একই বিভাগে উঠে আসে, তবে এক মালিকানাধীন দুটি দলকে একই লিগে খেলার অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে কিছুটা জটিলতা তৈরি হতে পারে।
যাইহোক, ফুটবল জাদুকর মেসির হাত ধরে ছোট এই স্প্যানিশ ক্লাবটির সামনে এখন নতুন এক সোনালী ভবিষ্যতের হাতছানি রয়েছে।