সিপিএলে মিরাজের স্বপ্নীল অভিষেক: তাহিরের ফাইফার ও মিরাজের ঘূর্ণিতে উড়ে গেল সেন্ট লুসিয়া
সিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত বোলিং করে ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ইমরান তাহিরের ৫ উইকেটের সুবাদে সেন্ট লুসিয়াকে হারিয়েছে গায়ানা।
বিনোদন: আগামী বছর বিনোদন অঙ্গনে দুই দশক পূর্ণ করতে চলেছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা সামান্থা রুথ প্রভু। দীর্ঘ ক্যারিয়ারে বহু সফল সিনেমা উপহার দিলেও জীবনের এক কঠিন সময়ে অভিনয় পেশা চিরতরে ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন এই অভিনেত্রী। বিরল অটোইমিউন রোগ মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার পর শারীরিক ও মানসিক নানা চ্যালেঞ্জের মুখে পড়ে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার’-এর সঙ্গে এক খোলামেলা আলাপচারিতায় নিজের জীবনের সেই কঠিন সময়ের অভিজ্ঞতা শেয়ার করেন সামান্থা। তিনি জানান, অসুস্থতার কারণে যখন টানা এক বছর অভিনয় থেকে বিরতি নেন, তখন তিনি ক্যামেরার সামনে না ফিরে অন্য কোনো পেশায় যুক্ত হওয়ার কথা চিন্তা করেছিলেন। চিকিৎসকদের পরামর্শে স্বাস্থ্যের যত্ন নেওয়ার পাশাপাশি সে সময় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানেও বিনিয়োগ করেন তিনি। মজার ছলে নিজেকে একজন ‘সিরিয়াল উদ্যোক্তা’ বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।
সামান্থা জানান, ওই কঠিন সময়ে জনপ্রিয় সিরিজ ‘সিটাডেল’-এর শুটিং করার কথা ছিল। কিন্তু অসুস্থ শরীর নিয়ে সেই কাজ চালিয়ে যাওয়া তাঁর জন্য অত্যন্ত দুরূহ ছিল। নিজের শারীরিক অবস্থার কারণে পুরো শুটিং ইউনিটকে অপেক্ষায় রাখতে চাননি তিনি। অন্যদের সময় নষ্ট হবে ভেবে ক্যামেরার সামনে অভিনয় করার পরিবর্তে ‘মা ইন্তি বঙ্গারাম’ সিনেমাটি শুধু প্রযোজনা করার সিদ্ধান্ত নেন এবং পর্দার আড়ালেই থাকতে চেয়েছিলেন। এমনকি ‘সিটাডেল’ টিমকে কাজ ছেড়ে দেওয়ার কথা জানিয়ে ই-মেইলও পাঠিয়েছিলেন তিনি। তবে সংশ্লিষ্টরা তাঁর ওপর থেকে আস্থা হারাননি।
ক্লান্ত ও বিপর্যস্ত সামান্থাকে সেই সংকটময় মুহূর্তে ঘুরে দাঁড়াতে সাহস জুগিয়েছেন তাঁর বর্তমান স্বামী রাজ নিদিমোরু। সামান্থা জানান, রাজ তাঁর ওপর অগাধ বিশ্বাস রাখতেন এবং শুটিং সেটে রাজের উপস্থিতিই তাঁকে নতুন করে কাজ চালিয়ে যাওয়ার সাহস যুগিয়েছিল। পরবর্তীতে ‘মা ইন্তি বঙ্গারাম’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সাই পল্লবী রাজি না হওয়ায়, গল্পটির ওপর বিশ্বাস রেখে শেষ পর্যন্ত নিজেই এতে যুক্ত হন তিনি।
উল্লেখ্য, ২০২২ সালে নিজের মায়োসাইটিস আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন সামান্থা। পেশি দুর্বল করে দেওয়া এই রোগটির সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর গত ডিসেম্বরে ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের নানা ঝড়ঝাপটা পেরিয়ে সামান্থার আবারও অভিনয়ে সরব হওয়াকে সাধুবাদ জানিয়েছেন তাঁর ভক্ত ও শুভানুধ্যায়ীরা।