জাতীয়

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্ক পৌঁছেছেন। স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাঁকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটরশোভাযাত্রা করে তাঁকে নিউইয়র্কের হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে নেওয়া হয়। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিউইয়র্কের বিভিন্ন এলাকায় প্রবাসী বাংলাদেশি ও বিএনপির নেতা-কর্মীরা ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে জড়ো হন। জ্যাকসন হাইটসসহ বিভিন্ন স্থানে তাঁকে স্বাগত জানিয়ে মিছিল ও স্লোগানও দেওয়া হয়।

নিউইয়র্ক সফরের প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রীর ভাষণ। আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। তাঁর জন্য ১৫ মিনিট সময় বরাদ্দ রয়েছে, তবে সময়সূচিতে পরিবর্তন হতে পারে।

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, ভাষণে বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয় গুরুত্ব পেতে পারে।

২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের জীবনসঙ্গীদের জন্য দেওয়া স্বাগত প্রাতরাশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর ইউএনজিএর ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন তিনি।

এদিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। জাতিসংঘের বিভিন্ন শীর্ষ কর্মকর্তার সঙ্গেও তাঁর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকটবিষয়ক উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট এবং জলবায়ু পদক্ষেপ ও ন্যায্য রূপান্তর নিয়ে আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে। একই দিনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের সঙ্গে বৈঠক এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসনের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি নিয়ে উচ্চপর্যায়ের সভায় প্রারম্ভিক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং মাতৃ ও নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যু রোধবিষয়ক একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথাও রয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে।

২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে জেপিমরগানের সদর দপ্তরে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ, উৎপাদন, অবকাঠামো, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিন কুয়েতের যুবরাজ শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে বৈঠক এবং ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট প্রিন্স জাইদ আল হুসেইনের সঙ্গে মধ্যাহ্নভোজের কর্মসূচি রয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপি নেতা-কর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় রাত ১১টায় এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সূচি অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর তাঁর ঢাকায় পৌঁছানোর কথা।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছিল, প্রধানমন্ত্রী ২৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। সরকারি তথ্য অনুযায়ী, সফরটি সংক্ষিপ্ত রেখে জাতিসংঘের বহুপক্ষীয় কর্মসূচি, দ্বিপক্ষীয় বৈঠক ও অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফর তাঁর প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কারণে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন। ফলে তারেক রহমান তাঁদের পর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন।

Related News

জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের জাতীয় স্বার্থ, ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি ও জনগণের আকাঙ্ক্ষা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গুলশান থেকে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ডিবি। তাঁর বিরুদ্ধে সন্দ্বীপ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের জাতীয় স্বার্থ, ভবিষ্যৎ পরিকল্পনা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম

ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগের প্রক্রিয়া চলছে। জুলাইয়ে তাঁর নামে ভারতের কাছে এগ্রিমো চাওয়া হয়েছে।

এসআরবির তিন দিনের অভিযানে গ্রেপ্তার ১৬৩, উদ্ধার অস্ত্র-মাদক

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের পর তিন দিনের অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে ১৬৩ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। উদ্ধার হয়েছে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক।

জাতিসংঘে জিয়া পরিবারের চার দশকের ধারাবাহিকতা

১৯৮০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণে বাংলাদেশের স্বনির্ভর উন্নয়ন, কৃষি ও গ্রামীণ অগ্রাধিকার, দক্ষিণ এশীয় সহযোগিতা এবং বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্য নিয়ে কথা বলেছিলেন জিয়াউর রহমান।

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দেবেন তিনি।

চীন, জার্মানি ও ব্রাজিলে নতুন তিনটি কনস্যুলেট জেনারেল স্থাপনের সিদ্ধান্ত সরকারের

চীনের গুয়াংজো, জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও ব্রাজিলের সাও পাওলোতে নতুন তিনটি কনস্যুলেট জেনারেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

Search