পদ্মা সেতুর কাছে ৬ কোটি ৪০ লাখ ঘনফুট বালু তুলতে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের তোড়জোড়
পদ্মা সেতুর ভাটিতে ১২৮ একর এলাকা থেকে ৬ কোটি ৪০ লাখ ঘনফুটের বেশি বালু তুলতে ‘আইকনিক সোর্সিং’-এর আবেদন। ঠিকানায় প্রতিষ্ঠানটির অস্তিত্ব না মেলায় উঠেছে প্রশ্ন।
জাতীয়: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তাঁর ভাষ্য, এসব কর্মসূচিতে বাংলাদেশের কূটনৈতিক, আঞ্চলিক, মানবিক ও অর্থনৈতিক স্বার্থ গুরুত্ব পেয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মাহ্দী আমিন এসব তথ্য জানান। তিনি বলেন, পূর্বনির্ধারিত ১২টি কর্মসূচির মধ্যে সময়ের সীমাবদ্ধতার কারণে প্রধানমন্ত্রী সরাসরি ১০টিতে অংশ নেন। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বহুপাক্ষিক, আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও রোহিঙ্গা সংকট এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা করেন তিনি।
সফরের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে দেওয়া প্রাতরাশে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে অংশ নেন। পরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের উদ্বোধনী পর্বে যোগ দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এবার প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন। একই সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে অধিবেশন পরিচালনা করছেন বলেও তিনি উল্লেখ করেন।
প্রথম দিনে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসাইন মোহাম্মদ লতিফের সঙ্গে পৃথক বৈঠক করেন তারেক রহমান। বৈঠকগুলোতে দুই দেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
আঞ্চলিক পর্যায়ে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ও আলোচনায় আসে বলে মাহ্দী আমিন জানান।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। বৈঠকে এরদোয়ান তারেক রহমানকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন।
হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলস-এমের সঙ্গেও বৈঠক করেন তারেক রহমান। সেখানে হাইতির আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা কীভাবে কাজে লাগানো যেতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।
রোহিঙ্গা সংকটও প্রধানমন্ত্রীর প্রথম দিনের আলোচনায় গুরুত্ব পায়। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ এবং মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
আগামী দিনে বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ উদ্যোগে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট আয়োজনের কথাও জানানো হয়েছে।
প্রথম দিনের কর্মসূচিতে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকও ছিল। এতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বিনিয়োগ, বাণিজ্য, নিয়ন্ত্রক সংস্কার, অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে মাহ্দী আমিন জানান।
এ ছাড়া বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারী থাকায় ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপত্তা ও প্রযুক্তি খাতের বিভিন্ন বিষয় নিয়ে মেটার প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বাংলাদেশি প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। সময়ের সীমাবদ্ধতার কারণে প্রধানমন্ত্রী নিজে ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। ইউরোপীয় কাউন্সিলের সঙ্গেও নির্ধারিত বৈঠকে তিনি সরাসরি অংশ নিতে পারেননি বলে জানানো হয়েছে।
দিনের শেষভাগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে আয়োজিত নৈশভোজে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে অংশ নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।