ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অস্থিতিশীলতার ঘটনায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেছেন, কেউ আইন লঙ্ঘন কিংবা কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সরকার কঠোর হাতে তা দমন করবে। রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি মিরপুর-১ এলাকায় স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
এ বিষয়ে মাহদী আমিন বলেন, তিনি ওই সময় দেশের বাইরে থাকায় বিস্তারিত জানেন না। তবে যতটুকু জেনেছেন, মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় দ্রুত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের অবস্থান এ বিষয়ে স্পষ্ট বলেও উল্লেখ করেন তিনি।
মাহদী আমিন বলেন, কেউ সরকারের কোনো কর্তাব্যক্তি কিংবা কোনো রাজনৈতিক দলের নাম বা পরিচয় ব্যবহার করে আইন লঙ্ঘন করলেও আইন তার নিজস্ব গতিতে চলবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা দ্রুত আইন কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। অপরাধে জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।
এর আগে শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই আবাসন প্রকল্পে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওও রয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
স্টুডিওতে হামলার কারণ নিয়ে বিভিন্ন বক্তব্য সামনে এসেছে। কোথাও চাঁদা দাবির অভিযোগ করা হয়েছে, আবার পুলিশ প্রাথমিকভাবে জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। চাঁদা দাবির বিষয়টি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।
মাহদী আমিন বলেন, দেশের অভ্যন্তরীণ শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। কেউ আইন ভেঙে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।