জাতীয়: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কে পাঁচ দিনের সফল সফর শেষ করে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে তিনি সপরিবারে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি দুবাই সময় ভোর ২টা ১৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
নিউইয়র্কে চার দিনের অত্যন্ত ব্যস্ত কর্মসূচিতে প্রধানমন্ত্রী প্রায় ৩০টি সরকারি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক প্রেস ব্রিফিংয়ে জানান, এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা, রোহিঙ্গা সংকট সমাধান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব পায়।
জাতিসংঘের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ঐতিহাসিক ভাষণ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী ইউএনজিএ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি এবং সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া সফরকালে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘে উইমেন লিডার্স প্ল্যাটফর্ম ও ফার্স্ট স্পাউসেস ডায়ালগসহ আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন।