ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি স্পষ্ট করে বলেছেন, যখন উপযুক্ত সময় আসবে, তখনই প্রধানমন্ত্রী ভারত সফর করবেন এবং এ বিষয়ে ভারতের আমন্ত্রণ এখনো বহাল রয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার এ কথা জানান।
আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। নির্দিষ্ট কোনো তারিখ নিয়ে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে আগে যা আলোচনা হয়েছিল, ভারত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ এখনো বহাল আছে। এটা নিয়ে মনে হচ্ছে না এবার কোনো তাড়াহুড়ার দরকার আছে। যখন সময় হবে, নিশ্চয়ই হবে। সবকিছুই ইতিবাচক আছে।’
উভয় দেশের রাজনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দিকেই কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা (পলিটিক্যাল কমপালশন) থাকতে পারে। তবে সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত ইতিবাচক। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমার এই আত্মবিশ্বাস আছে, যখন দুই প্রধানমন্ত্রী মনে করবেন যে সুবিধাজনক সময় হয়েছে, তখন এই সফরটি অনুষ্ঠিত হবে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আজকের বৈঠক প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর একটি চমৎকার ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে। আজকের এই বৈঠকে কোনো সুনির্দিষ্ট বা আনুষ্ঠানিক এজেন্ডা নিয়ে আলোচনা না হলেও দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পারস্পরিক স্বার্থের বিষয়গুলোতে ভারতের সঙ্গে ভবিষ্যৎমুখী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ মনোভাব বজায় রেখে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।