রোটারিয়ান এম নাজমুল হাসান
জাতীয় সংসদ ভবনের মাগরিবের বিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন, তখন তিনি রাজনীতির কথা বলেননি। তিনি বলেছেন আগামীর বাংলাদেশের কথা। তাঁর বক্তব্যের সারকথা এক লাইনেই বলা যায় — “তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।”
এই “সঠিকভাবে গড়ে তোলা” শব্দটির মধ্যেই গত ১৫ বছরের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা ও আগামী ১৫ বছরের রোডম্যাপ দুটোই লুকিয়ে আছে।
প্রধানমন্ত্রী তিনটি ঘোষণা দিয়েছেন যা শুনতে সহজ মনে হলেও এর প্রভাব হবে সুদূরপ্রসারী।
প্রথমত, নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক।
এটি একটি বৈপ্লবিক সিদ্ধান্ত। আমরা এতদিন জিপিএ-৫ সর্বস্ব একটি প্রজন্ম তৈরি করেছি, যারা সার্টিফিকেটধারী কিন্তু কর্মহীন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষককে কারিগরি প্রশিক্ষণের আওতায় আনার যে উদ্যোগ প্রধানমন্ত্রী আগেই নিয়েছিলেন, গতকালের ঘোষণা তারই ধারাবাহিকতা। সরকারের ৪৩ দফা শিক্ষা পরিকল্পনায় প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায় পলিটেকনিক স্থাপনের যে লক্ষ্য, তা এই সিদ্ধান্তকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে। যখন একজন শিক্ষার্থী সাধারণ শিক্ষার পাশাপাশি ইলেকট্রিক, প্লাম্বিং, কোডিং বা গ্রাফিক ডিজাইনের একটি ট্রেড শিখে বের হবে, তখন তাকে আর বেকারত্বের জন্য রাস্তায় দাঁড়াতে হবে না।
দ্বিতীয়ত, নতুন কুঁড়ি স্পোর্টস এবং বহুভাষিক দক্ষতা।
প্রধানমন্ত্রী বলেছেন, ছয়-সাতটি খেলা থেকে পছন্দের খেলা এবং ইংরেজি, মান্দারিন, জাপানিজসহ ছয়-সাতটি ভাষা থেকে একটি বিদেশি ভাষা শিখতে হবে। এটি অত্যন্ত সময়োপযোগী। বর্তমান বিশ্বে শুধু ইংরেজি জানা যথেষ্ট নয়। জাপান, কোরিয়া, জার্মানিতে আমাদের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাধা ভাষা। যদি দশম শ্রেণি পাস করার আগেই একজন শিক্ষার্থী জাপানিজ ভাষায় N4 লেভেল শেষ করে ফেলে, তবে তার বিদেশে যাওয়ার জন্য আর দালালের প্রয়োজন হবে না। আর খেলাধুলা তাকে শুধু সুস্থ রাখবে না, শৃঙ্খলা ও নেতৃত্ব শেখাবে।
তৃতীয়ত, পরিবেশ ও মানবিকতা।
প্রধানমন্ত্রী বলেছেন, “আপনজনের জন্মদিনে গাছ উপহার দেবে।” এবং ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। এই কথাটি ছোট মনে হলেও, এটি নাগরিক তৈরির শিক্ষা। আমরা স্কুলে পরিবেশ পড়াই, কিন্তু পরিবেশ রক্ষা করতে শেখাই না।
এই তিনটি সিদ্ধান্তকে একসঙ্গে দেখলে বোঝা যায়, সরকার শিক্ষাকে আর ব্যয় হিসেবে দেখছে না, বিনিয়োগ হিসেবে দেখছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১২ দফা সংস্কার প্রস্তাবে জিডিপির ৫ শতাংশ শিক্ষায় বরাদ্দ, ওয়ান টিচার ওয়ান ট্যাব, ফ্রি ওয়াইফাই এবং এডু-আইডির যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা প্রধানমন্ত্রীর এই ভিশনেরই প্রতিফলন।
কিন্তু চ্যালেঞ্জও আছে। নবম শ্রেণিতে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করতে হলে শিক্ষক কোথায়? ল্যাব কোথায়? ঢাকা-১ আসনের দোহারের ৪৩ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী, মণিপুর স্কুলের শিক্ষার্থী এবং চাঁদপুর মেডিকেলের শিক্ষার্থীরা সংসদ দেখে অনুপ্রাণিত হয়েছে। কিন্তু দেশের প্রতিটি উপজেলার শিক্ষার্থীকে এই মানের ল্যাব ও শিক্ষক দিতে পারবো কি?
আমার পরামর্শ, এই কর্মসূচিকে শুধু মন্ত্রণালয়ের ফাইলে আটকে না রেখে বেসরকারি খাতকে যুক্ত করতে হবে। প্রতিটি কারিগরি ট্রেডের সঙ্গে স্থানীয় শিল্প কারখানার অ্যাপ্রেন্টিসশিপ বাধ্যতামূলক করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক জায়গাতেই হাত দিয়েছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে চাকরি খুঁজতে শেখায়, আর দক্ষতা মানুষকে চাকরি তৈরি করতে শেখায়। আমরা যদি সার্টিফিকেট-সর্বস্ব প্রজন্ম থেকে দক্ষতা-নির্ভর প্রজন্মে যেতে পারি, তবেই ২০৩০ সালের বাংলাদেশ হবে একটি মানবিক ও উৎপাদনশীল বাংলাদেশ।
লেখক: রোটারিয়ান এম নাজমুল হাসান, বিশিষ্ট কলামিস্ট রাজনীতিক এবং রাষ্ট্রচিন্তক।