বরিশালে ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর ভাটিখানায় ভাড়া বাসার তালা ভেঙে অবসরপ্রাপ্ত শিক্ষিকা আমেনা খানমের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মো : জিয়াউদ্দিন বাবু
আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের জন্য মাসিক ২০ হাজার টাকা সম্মানি ভাতা চালুর দাবিতে বরিশালে পথসভা ও র্যালি করেছে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ বরিশাল বিভাগীয় কমিটি। একই সঙ্গে দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১২টায় বরিশাল প্রেসক্লাবের সামনে এ পথসভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি গোপাল সরকারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, সিনিয়র সাংবাদিক কাজী মকবুল হোসেন, গিয়াস উদ্দিন সুমন, জিয়াউদ্দিন বাবু ও এম জহির। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ লতিফুর রহমান জাকির অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অরুণ কুমার বিশ্বাস, আব্দুল্লাহ আল মামুন, কবিউল করিমসহ বরিশাল বিভাগের প্রবীণ ও কর্মাহত সাংবাদিকরা।
পথসভায় বক্তারা বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রবীণ এবং কর্মকালীন সময়ে পঙ্গুত্ববরণকারী সাংবাদিকদের কল্যাণে ২০২০ সালের ২৫ জানুয়ারি ‘বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ’ গঠন করা হয়।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এর মধ্যে ‘প্রবীণ বার্তা’ নামে স্মরণিকা প্রকাশ, প্রতি বছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবসে পথসভা ও র্যালি এবং জাতীয় দিবসে আলোচনা সভার আয়োজন উল্লেখযোগ্য।
সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের পক্ষ থেকে গত ছয় বছর ধরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রত্যেক প্রবীণ ও কর্মাহত সাংবাদিককে মাসিক ২০ হাজার টাকা সম্মানি ভাতা প্রদানের দাবি জানানো হচ্ছে। এ দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে উত্থাপন করেছে।
বক্তারা জানান, এরই ধারাবাহিকতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘প্রবীণ অসচ্ছল সাংবাদিকদের সম্মানি প্রদান নীতিমালা-২০২৬’-এর একটি খসড়া প্রণয়ন করেছে। খসড়ায় প্রাথমিকভাবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী এবং কর্মে অক্ষম, দুর্ঘটনা বা অন্য কোনো কারণে সাংবাদিকতা পেশায় কাজ করতে না পারা সাংবাদিকদের মাসিক ১০ হাজার টাকা করে ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
তবে বক্তারা বলেন, দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিয়োজিত থেকে জীবনের গুরুত্বপূর্ণ সময় গণমাধ্যমে ব্যয় করা প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের জন্য প্রস্তাবিত ১০ হাজার টাকা যথেষ্ট নয়। তাদের জীবনযাপন, চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে মাসিক ২০ হাজার টাকা সম্মানি ভাতা নির্ধারণ করা প্রয়োজন।
তারা বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন পেশায় কর্মরত ব্যক্তিরা চাকরি শেষে পেনশন, অবসরকালীন সুবিধা কিংবা এককালীন আর্থিক সুবিধা পেয়ে থাকেন। কিন্তু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য চাকরি শেষে অবসর বা পেনশনের কোনো ব্যবস্থা নেই। ফলে অনেক সাংবাদিক ৬০ বছর বয়সের আগেই কর্মজীবন থেকে ছিটকে পড়ে আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েন। কর্মকালীন সময়ে পঙ্গুত্ববরণকারী সাংবাদিকদের দুর্দশা আরও বেশি।
বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক প্রবীণ দিবস প্রবীণদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে জনসচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার বিষয়টি সামনে আনা হয়েছে। দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় থেকে যারা মানুষের অধিকার, দুর্নীতি, অনিয়ম ও জনস্বার্থের বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরেছেন, তাদের অবসরজীবনেও রাষ্ট্রীয় সহায়তা প্রয়োজন।
তারা বলেন, দেশের প্রবীণ, প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য রাষ্ট্রীয়ভাবে সম্মানি ভাতার ব্যবস্থা রয়েছে। সাংবাদিকরাও দীর্ঘদিন দেশের মানুষের অধিকার ও জনস্বার্থের বিভিন্ন বিষয় তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয়ভাবে সম্মানি ভাতা চালু করা সময়ের দাবি।
পথসভা থেকে প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের জন্য মাসিক ২০ হাজার টাকা সম্মানি ভাতা চালু, দ্রুত নীতিমালা চূড়ান্ত এবং তা কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর সহানুভূতি ও প্রয়োজনীয় উদ্যোগ কামনা করা হয়। পরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে একটি র্যালি বরিশাল প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচি শেষে প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের দাবিগুলো তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।